বারের লাইসেন্সের জন্য ঘুষ! হাতেনাতে ধৃত দমকলকর্মী, গ্রেফতার ডিভিশনাল ফায়ার অফিসারও
বারের লাইসেন্সের জন্য ঘুষ! হাতেনাতে ধৃত দমকলকর্মী, গ্রেফতার ডিভিশনাল ফায়ার অফিসারও

বারের লাইসেন্সের জন্য ঘুষ! হাতেনাতে ধৃত দমকলকর্মী, গ্রেফতার ডিভিশনাল ফায়ার অফিসারও

Bengal Liberty : ফায়ার লাইসেন্স করিয়ে দেওয়ার নাম করে ঘুষ দাবি করার অভিযোগ। দুর্নীতির জালে জড়িয়ে পড়ার অভিযোগে গ্রেফতার হলেন কোচবিহার ডিভিশনাল ফায়ার অফিসের দুই কর্মী। তাঁদের মধ্যে একজন ডিভিশনাল ফায়ার অফিসার এবং অন্যজন অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর। শুক্রবার পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের (ACB) আধিকারিকরা বিশেষ অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দমকল দফতরের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখার প্রেস নোট অনুযায়ী, শুক্রবার, ২০ নভেম্বর কোচবিহারের ডিভিশনাল ফায়ার অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে একটি বিশেষ ফাঁদ অভিযান চালানো হয়। সেই অভিযানে হাতেনাতে ধরা পড়েন কোচবিহার ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত এক অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর। অভিযোগ, এক অভিযোগকারীর কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে পাকড়াও করেন দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। উদ্ধার করা হয় ঘুষের টাকাও।

ACB-র তরফে জানানো হয়েছে, ওই অভিযোগকারী নিজের বার-কাম-রেস্তরাঁর জন্য ফায়ার লাইসেন্স করাতে চেয়েছিলেন। সেই লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে কোচবিহারের ডিভিশনাল ফায়ার অফিসার তাঁর কাছে মোট ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ। অভিযোগ, ডিভিশনাল ফায়ার অফিসারের হয়ে ঘুষের টাকা সংগ্রহ করছিলেন ওই অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর। ১৫ হাজার টাকা ছিল দাবিকৃত মোট ঘুষের প্রথম কিস্তি। সেই টাকা নেওয়ার সময়ই দুর্নীতিদমন শাখার পাতা ফাঁদে ধরা পড়েন তিনি।

তবে শুধু টাকা সংগ্রহকারী কর্মীই নন, এই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনাল ফায়ার অফিসারকেও। ঘুষের লেনদেনে তাঁর প্রত্যক্ষ যোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগকারীর কাছ থেকে ঘুষ দাবি, টাকা সংগ্রহের প্রক্রিয়া এবং এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, সেই সমস্ত বিষয় তদন্তের আওতায় রয়েছে।

পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় তদন্ত এখনও চলছে। সরকারি দফতরে পরিষেবা পাওয়ার বিনিময়ে ঘুষ দাবি এবং সেই টাকা আদায়ের অভিযোগ নতুন করে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষত, সাধারণ মানুষের প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও লাইসেন্স পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ কতটা গুরুতর, কোচবিহারের এই ঘটনা ফের তা সামনে আনল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।