Bengal Liberty : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। এই পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২২ নভেম্বর, রবিবার ব্লু লাইনে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ বাতিল করা হয়েছে। ফলে ওই দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সম্পূর্ণ রুটে আপ ও ডাউন-দুই দিকেই চলবে মেট্রো।
বৃষ্টির জেরে বাতিল রক্ষণাবেক্ষণের কাজ
শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগে ঠিক ছিল, আগামী ২২ নভেম্বর ব্লু লাইনে ট্রাফিক ও সিগন্যাল সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচলের পরিকল্পনা করা হয়েছিল। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ থাকার কথা ছিল। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে সেই পরিকল্পনা থেকে সরে এল মেট্রো কর্তৃপক্ষ।
এখনও কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি অব্যাহত। শুক্রবার নোয়াপাড়া মেট্রো স্টেশনের ট্র্যাকে জল জমে যাওয়ায় রাতের দিকে পরিষেবা ব্যাহত হয়। এই পরিস্থিতিতে ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন মেট্রোর ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। খারাপ আবহাওয়ায় কাজ করতে গিয়ে পরিষেবায় আরও সমস্যা তৈরি হতে পারে। সেই আশঙ্কা থেকেই আপাতত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত।
আরও খবর
১৫, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বরের সূচি নিয়ে কী সিদ্ধান্ত?
উল্লেখ্য, গত সপ্তাহে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, ব্লু লাইনে ট্রাফিক ও সিগন্যাল ব্লকের কারণে ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর-এই চারটি রবিবার পরিষেবা আংশিক নিয়ন্ত্রণ করা হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা ছিল। বাকি অংশে পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। তবে আপাতত ২২ নভেম্বরের জন্য সেই সিদ্ধান্ত বাতিল হয়েছে। ফলে ওই দিন শহিদ ক্ষুদিরাম, নেতাজি, মাস্টারদা সূর্য সেন ও গীতাঞ্জলি-সহ ব্লু লাইনের সমস্ত স্টেশন থেকেই আপ ও ডাউন দুই দিকেই মেট্রো পাওয়া যাবে। নির্ধারিত সময়ের ব্যবধান মেনেই চলবে পরিষেবা। তবে ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বরের রক্ষণাবেক্ষণের কাজ নিয়ে নতুন কোনও সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি।


