Vidyasagar Setu
ফের বন্ধ বিদ্যাসাগর সেতু

রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, ভোর থেকে রাত পর্যন্ত যান নিয়ন্ত্রণ! বিকল্প পথে কীভাবে চলবে গাড়ি?

কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়ির জন্য বিকল্প পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

১. এজেসি বোস রোড থেকে : জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে টার্ফভিউ ভায়া হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে। বিকল্প হিসেবে হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ধরতে পারবেন চালকরা।

২. কেপি রোড ও জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে : বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছতে হবে।

৩. সিজিআর রোড থেকে : খিদিরপুরের দিক থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে হেস্টিংস মোড় থেকে বাঁদিকে ঘুরতে হবে। এরপর সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে হবে।

৪. কেপি রোড থেকে : ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট র‌্যাম্প হয়ে হাওড়া ব্রিজে যেতে হলে রেড রোড ধরতে হবে।

দীর্ঘদিনের ব্যবহারে বিদ্যাসাগর সেতুর একাধিক গুরুত্বপূর্ণ অংশের আয়ু শেষের দিকে। বয়সের নিরিখে সেতুটি ৩৩ বছরে পা দিয়েছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতু ভারতের দীর্ঘতম কেবল-স্টেড সেতু। সেতু নির্মাণের পর ২৭ বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। ফলে নির্মাণের কাজে ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব এবং এক্সপ্যানশন জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ অংশগুলির বয়সও ২৫ বছর ছাড়িয়েছে। তাই সেগুলি বদলে ফেলার প্রয়োজন দেখা দিয়েছে।বিদ্যাসাগর সেতুতে মোট ১৫০টি স্টে কেবল রয়েছে। সংস্কারের প্রথম পর্যায়ে মূলত এই কেবলগুলিই বদলানোর পরিকল্পনা করা হয়েছে। সেই কাজের জন্য গত কয়েক সপ্তাহ ধরে চলছে সেতু সংস্কার। কাজের সুবিধার জন্য প্রায় প্রতি রবিবারই বন্ধ রাখা হচ্ছে সেতুটি। এর জেরে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ গাড়িচালকরা। বারবার যান চলাচল নিয়ন্ত্রণ করায় বাড়ছে যাতায়াতের সময়ও।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।