Bengal Liberty : গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগের পর এ বার সোনা চুরির অভিযোগ। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার বিজেপির যুব নেতার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। সোনা চুরির ঘটনায় ডাবগ্রাম-ফুলবাড়ির ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযোগ, এক নাবালককে ভয় দেখিয়ে তাঁর বাড়ি থেকে প্রায় ৩৫ গ্রাম সোনা-সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্তের সূত্র ধরে অভিযান চালিয়ে নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনা কেনার অভিযোগে শিলিগুড়ির ভেনাস মোড়ের একটি গয়নার দোকানের মালিক অয়ন মাইতিকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি শিলিগুড়ির পূর্ব চয়নপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, এক নাবালককে মাদক খাইয়ে এবং ভয় দেখিয়ে তাঁর বাড়ি থেকেই প্রায় ৩৫ গ্রাম সোনা চুরি করা হয়। পরে ওই নাবালকের পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তদন্তে বেশ কিছু তথ্য হাতে আসার পরই অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
আরও খবর
শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। চুরি যাওয়া সোনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে, দলের ভাবমূর্তি যাতে আরও ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণেই নয়ন সরকারকে তড়িঘড়ি সমস্ত দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। রাজ্যের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই এই বিধানসভা এলাকাতেই পণ্যবাহী গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন দুই যুবক। অভিযোগ, তাঁদের প্রত্যক্ষভাবে মদত দিয়েছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার ওবিসি মোর্চার জেলা সম্পাদক সঞ্জয় বিশ্বাস। সেই ঘটনায় সঞ্জয় বিশ্বাসকেও রাজ্যের নির্দেশে দলীয় সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। যদিও মূল অভিযুক্ত সঞ্জয় বিশ্বাস এখনও অধরা বলে জানা গিয়েছে।
একই বিধানসভা এলাকায় পরপর বিজেপি নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের শাসকদল। তবে বিজেপির তরফে এ বিষয়ে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


