Subhankar Sarkar
শুভঙ্কর সরকার

‘পুরশ্রী’র বাংলা সংস্করণ বন্ধ কেন? মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর

Bengal Liberty : কলকাতা পুরসভার ঐতিহ্যবাহী পত্রিকা ‘পুরশ্রী’র বাংলা সংস্করণের প্রকাশ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এ বার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খোলা চিঠি লিখলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর প্রশ্ন, হিন্দি ও ইংরেজি সংস্করণ প্রকাশের প্রস্তুতি চললে বাংলা সংস্করণের প্রকাশ বন্ধ রাখার যুক্তি কী? অবিলম্বে বাংলা সংস্করণ পুনরায় প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় বাংলার মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

শনিবার, ২১ নভেম্বর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা ওই খোলা চিঠিতে শুভঙ্কর সরকার জানিয়েছেন, কলকাতা পুরসভার ঐতিহ্যবাহী ‘পুরশ্রী’ পত্রিকার প্রকাশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। পত্রিকাটি এতদিন বাংলায় প্রকাশিত হত। কিন্তু এখন হিন্দি ও ইংরেজি সংস্করণ প্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলা সংস্করণও প্রকাশ করা হবে না বলে যে কারণ দেখানো হয়েছে, তা নিয়ে আপত্তি তুলেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে শুভঙ্কর সরকারের বক্তব্য, ভারতবর্ষের বহুভাষিক ও বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি কংগ্রেসের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কোনও ভাষার প্রতিই তাদের বিরাগ নেই। তবে অন্য ভাষার প্রতি শ্রদ্ধা দেখানোর অর্থ নিজের মাতৃভাষার মর্যাদাহানি মেনে নেওয়া নয়। তাঁর কথায়, মাতৃভাষার অপমান মুখ বুজে সহ্য করার মতো শিরদাঁড়াহীন অবস্থায় তাঁরা পৌঁছননি।

‘পুরশ্রী’ পত্রিকার ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং চিকিৎসক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের চিন্তাভাবনা ও দর্শনের সঙ্গে এই পত্রিকার যোগ রয়েছে। বিভিন্ন সময়ে বাংলার কৃতী মনীষীদের নিয়ে প্রকাশিত বিশেষ সংখ্যাগুলিও সংরক্ষণ করে রাখার মতো। বাংলা সাময়িক সাহিত্যের ইতিহাসে ‘পুরশ্রী’ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও দাবি তাঁর।

শুভঙ্কর সরকারের বক্তব্য, পত্রিকাটি হিন্দি ও ইংরেজি-সহ অন্য ভাষায় প্রকাশিত হলে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু সেই উদ্যোগের জন্য বাংলা সংস্করণের প্রকাশ বন্ধ থাকবে কেন, সেই প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রীর কাছেই চেয়েছেন তিনি। একই সঙ্গে এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার আর্জি জানিয়েছেন।

চিঠির শেষাংশে অবিলম্বে ‘পুরশ্রী’র বাংলা সংস্করণের প্রকাশ পুনরায় চালু করার দাবি জানিয়েছেন শুভঙ্কর। অন্যথায় বাংলার মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফলে পত্রিকার প্রকাশনা ঘিরে প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি রাজনৈতিক চাপানউতোরও নতুন মাত্রা পেল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।