যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন ব্রাত্য বসু
যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন ব্রাত্য বসু

যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন ব্রাত্য বসু

Bengal Liberty : যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। শনিবার সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন তিনি। ব্রাত্যের দাবি, যে দফতরকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, সেই দফতরের দায়িত্বে তিনি কখনও ছিলেন না। তথ্য ও সংস্কৃতি দফতর ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে। এ প্রসঙ্গে ব্রাত্য বলেন, “আমি ওই দফতরের মন্ত্রী ছিলাম না। যা আমার হাতে ছিল না, সেখানে প্রভাব খাটাব কী করে?” তিনি আরও বলেন, “ওই দফতরের মন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।”

উল্লেখ্য, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ওই দফতরে বিভিন্ন স্তরে কর্মরত তিন মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই দফতরের দায়িত্ব নিজের হাতেই রেখেছিলেন। অন্যদিকে, ২০১৬ সাল থেকে ওই দফতরের প্রতিমন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। বর্তমানে পুজো-পাস দুর্নীতি মামলায় তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগপত্রে ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের পাশাপাশি অন্তত ৩০ জন সরকারি আমলা, আধিকারিক ও কর্মচারীর নাম রয়েছে বলে জানা গিয়েছে।

শনিবারের সাংবাদিক বৈঠকে ব্রাত্য দাবি করেন, অভিযোগকারী তিন মহিলার কাউকেই তিনি চেনেন না। এমনকি তাঁদের কখনও চোখেও দেখেননি বলে জানান তিনি। তাঁর কথায়, “কুপ্রস্তাব দিতে গেলে তো তাঁকে চিনতে হবে!” ব্রাত্য আরও বলেন, “অভিযোগ কেউ করতেই পারেন। সেটা প্রমাণসাপেক্ষ। আমিও এটা নিয়ে কোর্টে যাচ্ছি। আইন-আদালতের উপর আমার ভরসা রয়েছে।”
অন্যদিকে, বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করার পাশাপাশি অভিযোগকারী তিন মহিলা জাতীয় মহিলা কমিশন এবং রাজ্য পুলিশের ডিজির কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগে তাঁদের মধ্যে এক মহিলা দাবি করেছেন, বিকাশ ভবনে তাঁকে হেনস্থা করেছিলেন ব্রাত্য বসু। এই অভিযোগের জবাবে প্রাক্তন মন্ত্রী জানান, তাঁর আমলেই বিকাশ ভবনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। যে দিন এবং যে সময়ের ঘটনা নিয়ে অভিযোগ উঠেছে, সেই সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন তিনি।


এদিকে, বাগুইআটি থানায় দায়ের হওয়া অভিযোগের সত্যতা যাচাই করতে প্রাথমিক তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। অভিযোগকারীরা ঠিক কবে এবং কোন পরিস্থিতিতে ঘটনাগুলি ঘটেছে বলে দাবি করেছেন, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযোগপত্রে নাম থাকা সরকারি আধিকারিকদের ভূমিকা কী ছিল, তা-ও তদন্তের আওতায় আনা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।