Bengal Liberty : একসময় যে সিঙ্গুর শিল্পের স্বপ্নভঙ্গের প্রতীক হয়ে উঠেছিল, সেখানেই ফের শিল্পায়নের সম্ভাবনা ঘিরে নতুন করে আশার আলো দেখছেন বাসিন্দারা। শিল্পনীতি ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সিঙ্গুরে শিল্প গড়ার বিষয়ে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে তাঁর প্রাথমিক কথা হয়েছে। এবার সিঙ্গুরে এসে ভারী গাড়ি তৈরির কারখানা গড়ার সম্ভাবনার কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্যের পর থেকেই নতুন করে শিল্প ও কর্মসংস্থানের স্বপ্ন দেখতে শুরু করেছেন সিঙ্গুরবাসী।
একসময় সিঙ্গুরে টাটার গাড়ি কারখানাকে ঘিরে শিল্পের স্বপ্ন দেখেছিল গোটা রাজ্য। ২০০৬ সালে কারখানা তৈরির কাজ শুরু হলেও জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলনের জেরে ২০০৮ সালে প্রকল্প গুজরাটের সানন্দে সরিয়ে নিয়ে যায় টাটা কর্তৃপক্ষ। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেয় তৎকালীন রাজ্য সরকার। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই জমিতে কৃষিকাজ বা শিল্প কোনওটাই সেভাবে গড়ে ওঠেনি। ফলে কর্মসংস্থানের সম্ভাবনাও অধরা থেকে গিয়েছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সিঙ্গুরে শিল্পায়ন নিয়ে ফের তৎপরতা শুরু হয়েছে। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিঙ্গুরে শিল্প গড়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা হওয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি। এবার সুকান্ত মজুমদারের বক্তব্যে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ইতিমধ্যেই ভারী গাড়ি শিল্পের সম্ভাবনা ঘিরে সিঙ্গুরে বিজেপির পক্ষ থেকে ব্যানারও টাঙানো হয়েছে।
সিঙ্গুরের বাসিন্দা সৌমিত্র মালের কথায়, অশোক লেল্যান্ডের মতো শিল্প গড়ে উঠলে সিঙ্গুরের সার্বিক উন্নতি হবে। বহু বেকার ছেলেমেয়ে কাজের সুযোগ পাবেন। একই সুর গোপালনগরের বাসিন্দা কৃষ্ণ সাহানার গলাতেও। তাঁর কথায়, অশোক লেল্যান্ড বা টাটার মতো কোনও সংস্থা কারখানা গড়লে স্থানীয় যুবকদের কর্মসংস্থান হবে। জীবন-জীবিকার সমস্যাও অনেকটা কমবে।
আর এক বাসিন্দার বক্তব্য, যে কোনও বড় শিল্পই সিঙ্গুরে আসুক, তাঁরা স্বাগত জানাবেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এলাকায় শিল্প ফিরুক, সেটাই তাঁদের দাবি।
সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস বলেন, নির্বাচনী সংকল্পপত্রেই সিঙ্গুরে শিল্পায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই কাজ বাস্তবায়িত হবে। তাঁর দাবি, ইচ্ছুক ও অনিচ্ছুক, দু’পক্ষের কৃষকদের সঙ্গেই কথা বলা হচ্ছে। বড় শিল্প গড়ে উঠলে কর্মসংস্থান বাড়বে এবং এলাকার অর্থনৈতিক দুরবস্থা কাটবে। শুধু সিঙ্গুর নয়, গোটা পশ্চিমবঙ্গেই শিল্পায়নের নতুন জোয়ার আসবে বলে আশাবাদী তিনি। তবে শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলেও প্রকল্পের বাস্তবায়ন এবং জমি সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তিই এখন বড় চ্যালেঞ্জ।


