Sonarpur
নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

মায়ের খুনের মামলার সাক্ষী ছিল মেয়ে, বাবার জামিনের পরেই উদ্ধার ঝুলন্ত দেহ!

মৃত নাবালিকার নাম সায়নী শিকারি। স্থানীয় সূত্রে খবর, ২০২৩ সালের অক্টোবরে নিজের স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে সমীর শিকারির বিরুদ্ধে। সেই ঘটনার সময় উপস্থিত ছিল তাঁদের মেয়ে সায়নী। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সমীর। গ্রেফতারের পর থেকে জেলেই ছিলেন তিনি। অন্যদিকে, বাবার গ্রেফতারির পর থেকে মামার বাড়িতে থাকত সায়নী। সম্প্রতি জামিনে মুক্তি পান সমীর। তবে মেয়ের সঙ্গে তাঁর যোগাযোগ হোক, তা চাইছিলেন না শ্বশুরবাড়ির লোকেরা। পরিবারের দাবি, বিষয়টি থানাতেও জানানো হয়েছিল। পুলিশের পরামর্শে সায়নীর মোবাইল নম্বর পরিবর্তন করা হয়। কিন্তু তা সত্ত্বেও কোনও ভাবে মেয়ের নতুন নম্বর জোগাড় করে তাঁর সঙ্গে যোগাযোগ করেন সমীর।

সায়নীর দাদুর দাবি, বাবা মেয়ের সঙ্গে কী কথা বলতেন, তা তাঁরা জানতেন না। তবে তাঁদের আশঙ্কা, বাবার কথাবার্তার জেরে মানসিক চাপে ছিল সায়নী। সেই কারণেই নাবালিকার মৃত্যুর পিছনে সমীরের কোনও ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের ভিতরে সায়নীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর দাদু। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।সায়নী আত্মঘাতী হয়েছে, নাকি তার মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে মৃতার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ফোনের কল রেকর্ড ও চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আগে কার কার সঙ্গে সায়নীর যোগাযোগ হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিশেষ করে বাবার সঙ্গে তার কথাবার্তায় কোনও অস্বাভাবিকতা ছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।