Bengal Liberty : রাজস্থানের টঙ্ক জেলায় পঞ্চায়েত সমিতি নির্বাচনের পর বেশ কয়েকটি ছোট গ্রামে বসানো রাস্তার আলো সরিয়ে ফেলা হল। এই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, পিলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, নিওয়াইয়ের বিধায়ক রাম সহায় ভার্মার ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা এই নির্বাচনে পরাজিত হয়েছেন।
অভিযোগ, রনোলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমহারন কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামে বিদ্যুতের খুঁটিতে প্রায় ৫০টি এলইডি রাস্তার আলো বসানো হয়েছিল। বাসিন্দাদের দাবি, নিওয়াইয়ের বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী অলোক শর্মার নির্দেশে এই বাতিগুলো বসানো হয়েছিল। গ্রামবাসীদের মতে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাস্তার আলোগুলো সরিয়ে ফেলা শুরু হয়। এর ফলে এমন ধারণা তৈরি হয়েছে যে, প্রিয়াঙ্কা শর্মার পরাজয়ের সঙ্গে এই পদক্ষেপটির সম্পর্ক রয়েছে। স্থানীয়দের আরও দাবি, নির্বাচনের ফলাফলের জেরে গ্রামগুলোর ওপর প্রতিশোধ নেওয়ার অংশ হিসেবেই এই আলোগুলো সরিয়ে ফেলা হয়েছে।
জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড-এর ফল্ট রিপেয়ার টিমের কর্মীরা গ্রামগুলোতে পৌঁছন এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে যুক্ত সংযোগগুলোকে বেআইনি হিসেবে শনাক্ত করার পর সেখান থেকে বাতিগুলো সরিয়ে ফেলার উদ্যোগ নেন। নিওয়াইয়ের বিধায়ক রামসহায় ভার্মা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
আরও খবর
তিনি বলেন, দীপাবলির আগে প্রার্থীরাই এই আলো লাগিয়েছিলেন এবং বিদ্যুৎ বিলের বিষয়টি সামনে আসার পর সেগুলো সরিয়ে ফেলা হয়। তিনি আরও বলেন, বিদ্যুৎ বিল সংক্রান্ত এই বিষয়ের প্রেক্ষিতে জেভিভিএনএল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বিধায়ক আরও জানিয়েছেন যে, নবনির্বাচিত সরপঞ্চরা বিদ্যুতের বিল পরিশোধ করতে সম্মত হয়েছেন, যার পরিপ্রেক্ষিতে বাকি প্রায় ৪০টি খুঁটি থেকে আলো সরিয়ে ফেলার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।


