ডার্বির আগে স্বস্তিতে সবুজ-মেরুন! চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত মোহনবাগান!
ডার্বির আগে স্বস্তিতে সবুজ-মেরুন! চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত মোহনবাগান!

ডার্বির আগে স্বস্তিতে সবুজ-মেরুন! চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত মোহনবাগান!

Bengal Liberty : ইন্ডিয়ান সুপার লিগের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল অপরাজিত মোহনবাগান সুপার জায়ান্ট বনাম দশম স্থানে থাকা একসময়ের শক্তিশালী দল চার্চিল ব্রাদার্স। ঘরের মাঠে অতিরিক্ত সুবিধা নিয়েই নেমেছিল দিমিত্রিস দিমিত্রিউয়ের দল। কিন্তু ঘরের মাঠে নামলেও আশানুরূপ ফল হল কই! প্রত্যাশা মতোই মোহনবাগানের কাছে ২-১ গোলে পরাজিত হল চার্চিল ব্রাদার্স।

পুরো ম্যাচেই মোহনবাগানের একচ্ছত্র আধিপত্য লক্ষ করা গেছে। প্রতি মুহূর্তে মোহনবাগান দল এক হয়ে নিজেদের সেরাটা উপহার দিয়েছে। সঙ্গে আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—তিন বিভাগেই চমৎকার পারফরম্যান্স করেছে মোহনবাগান। ডার্বির আগে একেবারে চাঙ্গা হয়েই মাঠে নেমেছিল মেরিনার্সরা, তা বলাই বাহুল্য।

তবে এই সবার পারফরম্যান্সকে ছাপিয়ে যাঁর কথা বলতেই হবে, তিনি হলেন মোহনবাগানের ত্রাতা, মানবপ্রাচীর গোলরক্ষক বিশাল কাইথ। পুরো ম্যাচেই চার্চিলের ফুটবলাররা প্রচুর সুযোগ তৈরি করার পরেও গোল করতে ব্যর্থ হয়েছেন। ম্যাচের সময় যতই এগিয়েছে, ততই নিজের দক্ষতায় দলের গোলপোস্টের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন বিশাল কাইথ। ভরসার আরেক নাম বিশাল কাইথ তা এই ম্যাচ আরও একবার প্রমাণ করল।

অধিকাংশ সময় মোহনবাগানের দখলেই ছিল বল। ২৭ মিনিটে চাংতে এবং ৬২ মিনিটে থাপার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। তবে ম্যাচের শেষের দিকে চার্চিলের আক্রমণের ঝাঁজ অনেকটাই বেড়ে যায়। ম্যাচের ঠিক শেষদিকে, ৮৫ মিনিটে পেনাল্টি থেকে চার্চিলের হয়ে গোল করেন গুটিরেজ। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় মোহনবাগান।

আগামী রবিবার ডার্বির আগে এই জয় সবুজ-মেরুন শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, তা একপ্রকার নিশ্চিত। সেই সঙ্গে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। ডার্বির এক সপ্তাহ আগে মেরিনার্সরা যে অনেকটাই এগিয়ে, তা আজকের ম্যাচের ফলাফল আরও একবার প্রমাণ করে দিল।

তবে ডার্বির দিন কোনও পরিসংখ্যান বা আগের ম্যাচের ফলাফল খুব একটা গুরুত্ব বহন করে না। সেদিন যে দল ভালো খেলবে, সেই দলের মাথাতেই উঠবে ডার্বি জয়ের শিরোপা। সব মিলিয়ে, প্রতি মরসুমের মতো এই মরসুমেও জমে উঠেছে আইএসএল। সেই সঙ্গে ডার্বি জ্বরে ধীরে ধীরে কাবু হচ্ছে বাংলা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।