Bengal Liberty : শনিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড ও এফসি গোয়া। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ। একদিকে দুরন্ত ছন্দে থাকা নর্থইস্ট ইউনাইটেড, অন্যদিকে নতুন কোচের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে এফসি গোয়া। ফলে দুই দলের এই লড়াই ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।
চলতি মরশুমে দুর্দান্ত ফুটবল খেলছে নর্থইস্ট ইউনাইটেড। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে একটিতেও পরাজয়ের মুখ দেখেনি তারা। তিনটি জয় এবং দুটি ড্রয়ের সুবাদে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে পাহাড়ের দল। শেষ ম্যাচে চার্চিল ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিয়েছে তারা। দলের আক্রমণভাগে আলাদিনে আজারাই, জিথিন এমএস এবং আন্তোনিও মোয়ানো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি রক্ষণভাগের দৃঢ়তাও এই মরশুমে নর্থইস্টের অন্যতম বড় শক্তি। পাঁচ ম্যাচে মাত্র দুটি গোল হজম করেছে তারা।
অন্যদিকে চলতি মরশুমে এখনও পর্যন্ত প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেনি এফসি গোয়া। চারটি ম্যাচ খেলে একটি জয়, দুটি ড্র এবং একটি পরাজয়ের সুবাদে পাঁচ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ১-২ গোলে পরাজিত হয়েছিল গোয়ার দল। এবার নতুন স্প্যানিশ কোচ অ্যাঞ্জেল ভিয়াদেরোর অধীনে নতুনভাবে শুরু করতে চাইবে তারা। উল্লেখযোগ্য বিষয় হল, নর্থইস্ট ইউনাইটেডের কোচ জুয়ান পেদ্রো বেনালির সঙ্গে দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব রয়েছে ভিয়াদেরোর। ফলে দুই কোচের এই লড়াইও ম্যাচের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
আরও খবর
একদিকে অপরাজিত থাকার আত্মবিশ্বাস, অন্যদিকে নতুন কোচের অধীনে নিজেদের প্রমাণ করার তাগিদ। সব মিলিয়ে শনিবারের এই ম্যাচে দুই দলের কাছেই তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের ধারা বজায় রাখতে চাইবে নর্থইস্ট। অন্যদিকে নতুন কোচের অভিষেক ম্যাচেই জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে এফসি গোয়ার।


