Bengal Liberty : চলতি ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে টিম ইন্ডিয়া। টি-২০ ও একদিনের সিরিজ জেতার পর প্রথম টেস্টের তৃতীয় দিনেও চালকের আসনে ভারত। ২০০৯ সালের পর ফের কিউয়িদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে শুভমান গিলের দল। টেস্ট ম্যাচ শেষ হতে এখনও দু’দিন বাকি থাকলেও জয়ের লক্ষ্যেই এগিয়ে চলেছে ভারত। কিন্তু ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের মাঝেই অপ্রত্যাশিত বিতর্কের সূত্রপাত হয়েছে। প্রথম টেস্টের শুরুতেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজকে প্রথম একাদশে রাখা হয়নি। তা নিয়ে ক্রিকেট মহলে নানা আলোচনা ও সমালোচনা হলেও সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের মত বিতর্কিত মন্তব্য করতে কাউকে দেখা যায়নি। কংগ্রেস সাংসদের দাবি, পারফরম্যান্সের কারণে নয়, বরং নামের জন্যই মহম্মদ সিরাজকে দলের বাইরে রাখা হয়েছে। ঠিক কী বলেছেন তিনি? দেখে নেওয়া যাক।
“পারফরম্যান্স নয়, তাঁর নামের আগে মহম্মদ এবং নামের শেষে সিরাজ রয়েছে বলেই তাঁকে দলের বাইরে রাখা হয়েছে।”
স্বাভাবিকভাবেই, এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একজন দায়িত্বশীল নাগরিক, তার উপর একজন সাংসদ কীভাবে এমন মন্তব্য করতে পারেন, সেই প্রশ্ন তুলেই ইমরান মাসুদকে আক্রমণ করেছেন বিজেপির একাধিক নেতা। বিজেপি নেতাদের বক্তব্য, “এই ধরনের মন্তব্যের মধ্য দিয়েই দেশের শান্তি ও গরিমা নষ্ট হয়। ধর্মীয় মেরুকরণের রাজনীতি কংগ্রেস বহু বছর ধরেই করে আসছে। সেই কারণেই আজ কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হয়।”
আরও খবর
তবে এই প্রথম নয়, এর আগেও ভারতীয় ক্রিকেট দলকে ঘিরে একাধিক বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে কংগ্রেস নেতাদের। ভারত বনাম আফগানিস্তান টি-২০ ম্যাচে ‘বন্দে মাতরম’ বাজানো নিয়ে বিতর্ক থেকে শুরু করে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়—বিভিন্ন সময়ে ক্রিকেটকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা হয়েছে। সেই ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের হারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনকি তাঁদের উদ্দেশে কটূক্তি করতেও পিছপা হননি তিনি।
অতীতে ভারতবিদ্বেষী মন্তব্য থেকে শুরু করে ব্রিটিশদের ভারত আবিষ্কারের দাবি, এমনকি ভারতীয় সেনার পরাক্রম নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস—এমনই অভিযোগ বিজেপি নেতাদের। তাঁদের মতে, এই কারণেই ২৯টি রাজ্যের মধ্যে কংগ্রেস বর্তমানে হাতে গোনা মাত্র দু’টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। আগামী দিনেও কি একই রাজনৈতিক প্রবণতা বজায় রাখবে কংগ্রেস? এই প্রশ্নকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানউতোর।


