বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ ব্রাত্যর! বিস্ফোরক দাবি সুকান্তর
বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ ব্রাত্যর! বিস্ফোরক দাবি সুকান্তর

বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ ব্রাত্যর! বিস্ফোরক দাবি সুকান্তর

Bengal Liberty : যৌন হেনস্থার অভিযোগ সামনে আসতেই কি রাজনৈতিক শিবির বদলের চেষ্টা করছেন ব্রাত্য বসু? প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘিরে এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করছেন ব্রাত্য বসু। সুকান্তর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকেই বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাত্য বসু। হয় ডাল মে কুছ কালা হ্যায়, আর না হলে পুরা ডাল হি কালা হ্যায়।” যদিও সুকান্তর এই দাবি নিয়ে ব্রাত্য বসুর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সংবাদমাধ্যমের পক্ষ থেকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, একসময় তৃণমূলের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন ব্রাত্য বসু। বিধায়ক হওয়ার পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন তিনি। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর থেকে রাজনৈতিক ময়দানে তাঁকে সেভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি। দীর্ঘ নীরবতার পর শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খোলেন ব্রাত্য। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করার পাশাপাশি অভিযোগকারিণীকে চেনেন না বলেও জানান তিনি। গোটা ঘটনার তদন্তের দাবি জানান প্রাক্তন মন্ত্রী। একই সঙ্গে আগামী দিনে আইনি পদক্ষেপ করার কথাও বলেন তিনি।

শুধু তা-ই নয়, শনিবারের সাংবাদিক বৈঠক থেকেই দলবদলের জল্পনা উসকে দেন ব্রাত্য। তিনি জানান, এই মুহূর্তে তিনি আর তৃণমূলে নেই। বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। আর তার পরের দিনই সুকান্ত মজুমদারের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।