Supreme Court
Supreme Court

এসআইআরের শুনানিতে গতি, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Bengal Liberty : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ পড়া ভোটারদের আপিল দ্রুত নিষ্পত্তির জন্য একাধিক পদক্ষেপের কথা জানাল সুপ্রিম কোর্ট। আপিলের সংখ্যা বিবেচনা করে অ্যাপিলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো, অভিযোগের ধরন অনুযায়ী আপিল আলাদা করা এবং ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবেদনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে নির্দেশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি, এসআইআরের জেরে রেশন কার্ড বা অন্য সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে আদালত।

শুনানিতে মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, এসআইআর সংক্রান্ত প্রায় ৩৮ লক্ষ আপিল জমা পড়েছে। তার মধ্যে বিপুল সংখ্যক আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায়। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আবেদন দ্রুত বিবেচনার দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, নির্বাচনের আগে আপিলের নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ভোটাররা ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আপিলগুলি দু’টি ভাগে আলাদা করতে হবে। এক, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আবেদন। দুই, অন্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে যাঁরা আপত্তি জানিয়েছেন, তাঁদের আবেদন। প্রথম শ্রেণির আবেদনকে অগ্রাধিকার দিতে হবে।

ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ করতে নির্বাচন কমিশনকে বলেছে সুপ্রিম কোর্ট। কলকাতার উপযুক্ত জায়গার ব্যবস্থা করে আবেদনকারীদের সুবিধা এবং দ্রুত শুনানি নিশ্চিত করার কথাও জানানো হয়েছে। যে হেতু সামনেই কলকাতা পুরসভার ভোট রয়েছে। তাই ওই এলাকার ভোটারদের ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়টিও বিবেচনায় এসেছে। এসআইআরের কারণে রেশন কার্ড বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। বিচারপতি জয়মাল্য বাগচি জানান, এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি হাই কোর্টে যেতে পারেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।