Bengal Liberty : পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিভিন্ন সময়ে গণতন্ত্র রক্ষা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে তাঁর দলের অবস্থান স্পষ্ট করেছেন। নদিয়ার শান্তিপুরে রাস যাত্রা উপলক্ষে সোমবার পুজো উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক নানা রাজনৈতিক ও প্রশাসনিক প্রসঙ্গে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন শমীক। তিনি প্রশাসনিক কাঠামো, বিরোধী পক্ষের আইনি পদক্ষেপ, গোষ্ঠীদ্বন্দ্ব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেন। তিনি দাবি করেন, তাঁরা কোনো বোর্ড ভাঙেননি, কোনো কাউন্সিলরের বাড়ি জেসিবি দিয়ে ভাঙা হয়নি, কিংবা মেয়রের বাড়িতে পাথরও পড়েনি।
জোর করে কোনো জেলা পরিষদ বা সমিতি ভাঙার পথেও তাঁরা যাননি বলে স্পষ্ট জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, বিজেপি কোনো নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং তৃণমূল স্তরে মানুষের অধিকার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ সুনিশ্চিত করাই তাঁদের লক্ষ্য শমীকের কথায়, তাঁরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করেন এবং রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণে আস্থা রাখেন। সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি সরকারের ওপরই ন্যস্ত করেন।
বক্তব্যে তিনি কটাক্ষের সুরে আইনি মামলা ও নির্বাচন প্রসঙ্গ টেনে আনেন। তাঁর দাবি, সরকার নির্বাচন করাতে চেয়েছে এবং মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্যের নানা প্রান্তে অশান্তি ও সংঘর্ষের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিরোধীদের নিজেদের মধ্যে কোন্দল ও গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি গাড়ি ভাঙচুর, মারধর এবং বাড়ি ভাঙচুরের মতো অভিযোগের কথাও উল্লেখ করেন তিনি। পুলিশের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি তোলাবাজি ও সিন্ডিকেট বন্ধ করতে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেন শমীক ভট্টাচার্য।
আরও খবর
তবে সব সমস্যার রাতারাতি সমাধান কতটা সম্ভব, এই বিষয়ে বাস্তবতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি ও বিধায়করা মানুষের পাশে রয়েছেন এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে, যদিও কিছু এলাকায় অশান্তির ঘটনা ঘটছে। এমনটাই জানিয়েছেন শমীক ভট্টাচার্য।


