Bengal Liberty : উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা) জোট গড়ার ঘোষণা করলেও আসন সমঝোতা নিয়ে তীব্র টানাপড়েন শুরু হয়েছে। জোটের সমীকরণ চূড়ান্ত করতে সোমবার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে দুই দলের শীর্ষ নেতাদের একটি বৈঠক বসে, যা মাত্র ১৫-২০ মিনিটেই শেষ হয়ে যায়। সূত্রের খবর, বৈঠকে সমাজবাদী পার্টির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আসনের সংখ্যার চেয়ে প্রার্থীদের জয়ের সম্ভাবনাকেই তারা প্রাধান্য দিতে চায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের বৈঠকে বসবেন দুই দলের নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস এই নির্বাচনে একশোর বেশি আসন দাবি করেছে এবং এর মধ্যে অন্তত ৬০টি ‘এ-গ্রেড’ বা জেতার মতো আসন চায় হাত শিবির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলের ভিত্তিতে যে সব বিধানসভা আসনে তারা এগিয়েছিল বা ভালো ফল করেছিল, সেই বিধানসভা কেন্দ্রগুলির পাশাপাশি ঐতিহ্যবাহী দলিত, মুসলিম ও ব্রাহ্মণ অধ্যুষিত আসনগুলিও দাবি করেছে কংগ্রেস। এমনকী তারা সপাকে ১৮১টি সম্ভাব্য আসনের একটি তালিকাও পাঠিয়েছে।
অন্যদিকে, অখিলেশ যাদবের দল কংগ্রেসের এই দাবিতে নারাজ। পাল্টা হিসাবে সপা কংগ্রেসকে ৫৫টি আসনের একটি তালিকা দিয়েছে বলে জানা গিয়েছে। সপা নেতৃত্বের যুক্তি, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ২টি আসন এবং ২ শতাংশ ভোট পেয়েছিল। তাই ঢালাও আসন দাবির বদলে যেখানে কংগ্রেসের শক্তিশালী সংগঠন রয়েছে, কেবল সেই আসনগুলিই তাদের চাওয়া উচিত। অখিলেশ যাদবও স্পষ্ট করেছেন, আসন সংখ্যা নয়, বরং ভোটে জেতাই মূল লক্ষ্য দুই দলের হওয়া উচিত।
আরও খবর
বৈঠক শেষে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র অবশ্য দাবি করেছেন, আলোচনা ইতিবাচক হয়েছে এবং আগামী দু-তিন দিনের মধ্যেই আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে যাবে। প্রসঙ্গত, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৪০৩টি আসনের মধ্যে সপা ২৯৮টি এবং কংগ্রেস ১০৫টি আসনে জোট বেঁধে লড়েছিল। ২০২২ সালে জোট ভাঙলেও ২০২৪-এর লোকসভা ভোটের সাফল্যের পর ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে সঠিক আসন বণ্টনের মাধ্যমে সাফল্য ধরে রাখতে মরিয়া দুই শিবিরই। এমনকী সমঝোতার স্বার্থে কিছু আসনে সপা নেতারা কংগ্রেসের প্রতীকেও লড়াই করতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।


