Bengal Liberty : পাঁচ টাকায় দুপুরের খাবার। রাজ্যজুড়ে ইতিমধ্যেই চালু রয়েছে ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন। এবার আরও ৫০০টি নতুন ক্যান্টিন চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় নিউটাউনের মেলা মাঠে রাজ্যস্তরের গৌরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন তিনি। দ্রুত এই উদ্যোগ কার্যকর করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, “স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত বর্তমানে রাজ্যজুড়ে ৫০০টি মা আহার ক্যান্টিন চালু রয়েছে। সেখানে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দে সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থা করেছি। ৫ টাকায় মানুষ খাবার খান। শীঘ্রই আরও ৫০০টি মা আহার চালু হবে।” তাঁর বক্তব্য, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ স্বল্পমূল্যে খাবার পাবেন, অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
নতুন সরকারের আমলে ‘মা ক্যান্টিন’-এর নাম বদলে ‘মা আহার’ করা হয়েছে। আগে এই ক্যান্টিনগুলিতে পাঁচ টাকার বিনিময়ে ভাত, সবজি ও ডিমের ব্যবস্থা ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মেনুতে যুক্ত হয়েছে মাছও। সপ্তাহে দু’দিন অতিরিক্ত বরাদ্দে মাছ-ভাত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও খবর
এবার সেই ব্যবস্থার পাশাপাশি নিরামিষ খাবারের বিকল্পও যুক্ত হতে চলেছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বৈষ্ণব সমাজের কথা মাথায় রেখে মা আহার ক্যান্টিনে নিরামিষ খাদ্য বা সাত্ত্বিক আহারের ব্যবস্থা চালু হবে। মাছ এবং ডিম দিয়ে যে বর্তমান ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি সেখানে অতিরিক্তভাবে সাত্ত্বিক আহারও মিলবে। রাজ্যে প্রথম বারাসত থেকে তা শুরু হবে।”
তিনি আরও বলেন, “বারাসত ছাড়াও নবদ্বীপ, মায়াপুরের বৈষ্ণব সমাজ থেকে সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ আহারের অনুরোধ আসবে। সেই মা আহারে বর্তমান ব্যবস্থা চালু রেখে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে সাত্ত্বিক আহার চালু করা হবে। তার জন্য অর্থ দফতর অতিরিক্ত বরাদ্দও দেবে।”
সরকারি কার্যালয়, হাসপাতাল, আদালত, বড় বাজার, রেলস্টেশন, ফেরিঘাট-সহ বিভিন্ন জনবহুল এলাকায় নতুন ক্যান্টিন চালুর পরিকল্পনা রয়েছে। ফলে আরও বেশি সংখ্যক সাধারণ মানুষ মাত্র পাঁচ টাকায় দুপুরের খাবার পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সাত্ত্বিক খাবারের ব্যবস্থা চালু হলে নিরামিষভোজী মানুষের কাছেও এই প্রকল্পের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


