আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর! মিলবে সাত্ত্বিক খাবারও
আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর! মিলবে সাত্ত্বিক খাবারও

ব্লকে ব্লকে ‘গৌরী মেলা’, স্বনির্ভর গোষ্ঠীর জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Bengal Liberty : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প, খাদ্যসামগ্রী ও মশলার বিপণনে এবার আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার। এতদিন রাজ্য ও জেলা স্তরে আয়োজিত হত ‘সবলা মেলা’। রাজ্যে পালাবদলের পর নতুন রূপে সেই মেলার নাম হয়েছে ‘গৌরী মেলা’। এবার আগামী বছর থেকে রাজ্য ও জেলার গণ্ডি পেরিয়ে ব্লকে ব্লকে এই মেলা আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় নিউটাউনের মেলা মাঠে রাজ্যস্তরের গৌরী মেলার উদ্বোধন করে এই ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে প্রায় ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তিনি বলেন, “রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২৫০ কোটি টাকা এনেছি। যাচাই প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই আড়াই লক্ষ গোষ্ঠীর অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।” কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি ক্ষুদ্র প্রকল্প চালু করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের স্বল্প সুদে ঋণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়। সেই অর্থ কাজে লাগিয়ে কেউ ব্যবসা করেন, কেউ আবার পশুপালনের সঙ্গে যুক্ত হন। পাশাপাশি, বিভিন্ন এলাকার নিজস্ব হস্তশিল্পের ঐতিহ্য বাঁচিয়ে রাখতেও এই গোষ্ঠীগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোথাও কাঁথা স্টিচ, কোথাও ডোকরা, তাঁত বা মোমের সামগ্রী, আবার কোথাও আচার, পাঁপড় ও বড়ি তৈরি করেন মহিলারা। গৌরী মেলার মতো আয়োজনের মাধ্যমে এক জেলার স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য অন্য জেলার ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়।

মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর থেকে ব্লক স্তরেও গৌরী মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, চলতি বছরে পঞ্চায়েত দফতরের উদ্যোগে আরও এক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান ও আর্থিক স্বনির্ভরতার সুযোগ বাড়ানোই রাজ্য সরকারের লক্ষ্য।

উল্লেখ্য, এবছর নিউটাউনের মেলা মাঠে ২৬০টি স্টল বসেছে। মেলা আয়োজনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যের পাশাপাশি এই প্রথমবার একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাও মেলায় অংশ নিয়েছে। সোমবার মেলার উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রী দেখার পাশাপাশি তাঁদের সঙ্গে কথাও বলেন তিনি। এবারের মেলায় কয়েকটি আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণও বিশেষ উল্লেখযোগ্য।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।