Bengal Liberty : গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চকে কাজে লাগিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রচারে উদ্যোগী হলেন অভিনেতা তথা বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ২০২৬-এ উপস্থিত হয়ে দেশ-বিদেশের চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের যোগ দেওয়ার আমন্ত্রণও জানান। KIFF-কে আন্তর্জাতিক স্তরে আরও পরিচিত করে তোলা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের কলকাতার উৎসবের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য।
IFFI-তে হিরণের উদ্যোগ
নিজের এই উদ্যোগ প্রসঙ্গে হিরণ্ময় চট্টোপাধ্যায় জানান, গোয়ায় IFFI চলাকালীন দেশ-বিদেশের বিশিষ্ট পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময়ের সুযোগ হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই তাঁদের প্রত্যেককে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন তিনি। হিরণের কথায়, এবারের KIFF-কে আন্তর্জাতিক স্তরে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। দেশ-বিদেশের চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের আরও বেশি করে কলকাতার এই উৎসবের সঙ্গে যুক্ত করতে চায় আয়োজকরা। গোয়ার মঞ্চে বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষার চলচ্চিত্র জগতের মানুষের সঙ্গে এই আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় যথেষ্ট সমৃদ্ধ ও আনন্দদায়ক বলেও জানিয়েছেন তিনি।
WAVES Film Bazaar-এ বাংলার চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা তুলে ধরল রাজ্য
উল্লেখ্য, ২০ নভেম্বর গোয়ায় শুরু হয়েছে ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ WAVES Film Bazaar 2026। ২২ নভেম্বর সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক ড. হিরণ চট্টোপাধ্যায়। WAVES Film Bazaar-এ পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে আগত প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদের সামনে রাজ্যের চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা তুলে ধরেন রাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রস্তাবিত চলচ্চিত্র নীতি, দ্রুত শুটিংয়ের অনুমোদন এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রস্তাবিত ভর্তুকির বিষয়েও আলোচনা করেন তিনি। পাশাপাশি, রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
আরও খবর
অন্যান্য অংশগ্রহণকারী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন পূর্ণিমা চক্রবর্তী। রাষ্ট্রমন্ত্রী জানান, এই প্রথম পশ্চিমবঙ্গ জাতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র মঞ্চে অংশগ্রহণ করছে। বাংলার এই উপস্থিতি ঘিরে বিভিন্ন রাজ্যের চলচ্চিত্র অনুরাগী, প্রযোজক ও নির্মাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। এই মঞ্চের মাধ্যমে বাংলার চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং শুটিংয়ের উপযুক্ত গন্তব্য হিসেবে পশ্চিমবঙ্গকে জাতীয় স্তরে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।


