Bengal Liberty : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজনৈতিক আবহাওয়া বেশ গরম। এই দাবিতে একজোট হয়েছে বিরোধী দলগুলি। উঠেপরে লেগেছে ককরোচ পার্টি (সিজেপি)। দিল্লির পাশাপাশি দেশের একাধিক প্রান্তে ছাড়িয়ে পড়েছে বিক্ষোভ। ১১ অক্টোবর গোয়ার পানাজিতে ‘ককরোচ জনতা পার্টি’ একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল। ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন বহু মানুষ। বিক্ষোভ চলাকালীন ‘হিন্দুত্ব মুর্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে প্রায় ৩০০ জন অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল গোয়া পুলিশ।
পানাজি থানার এক আধিকারিকের দাবি, “পানাজিতে ওই সমাবেশে সিজেপির কর্মী সমর্থকরা ধর্মীয় উসকানি মূলক স্লোগান দিচ্ছিলেন। ‘হিন্দুত্ব নিপাত যাক’-সহ একাধিক হিন্দু ধর্ম বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এর জেরে ধর্মীয় সম্প্রতি নষ্ট হয়েছে। ইচ্ছাকৃতভাবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। যার জেরে ৩০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।” জানা যাচ্ছে, গোয়া পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ১৯৬ এবং ২৯৯ ধারা অর্থাৎ ধর্মীয় বিদ্বেষ ও ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলা রুজু করেছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত স্পষ্ট জানিয়েছেন যে রাজ্যের আইন-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো কোনো কাজ বরদাস্ত করা হবে না। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, ১১ অক্টোবরের ওই বিক্ষোভে হিন্দু ধর্ম বিরোধী স্লোগান দেওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়। এরপরই গোয়ার তালেগাঁওয়ের বাসিন্দা রামপ্রসাদ কেলকার থানায় এফআইআর দায়ের করেন। তিনি বলেন, “আমি ভিডিওটি দেখেছি। বিক্ষোভে যোগ দেওয়া ভিড় সেখানে হিন্দু ধর্মের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। সেই কারণেই এই এফআইআর দায়ের করা হয়।” উল্লেখ্য, এসআইআর-এ কারচুপি সহ একাধিক অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে সিজেপি।


