Bengal Liberty : বিধান পরিষদ নির্বাচনের মুখে ফের বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়ালেন জেডিইউ বিধায়ক অনন্ত সিং। যদিও পরে নিজের বক্তব্যের পাল্টা বক্তব্যও রাখতে দেখা গিয়েছে তাঁকে। এক্ষেত্রে মোকামার বিধায়কের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সম্প্রতি নিজের দলের প্রধান নীতীশ কুমার প্রসঙ্গে বলতে গিয়ে জেডিইউ বিধায়ক বলেন, ‘নীতীশ কুমারের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। যখন ওর কোনও রাজনৈতিক ভিত্তি ছিল না, তখন ওকে টিকিয়ে রাখতে আমি নয় জনকে খুন করিয়েছিলাম।’
এই বক্তব্য প্রকাশে আসার পরই রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায়। সমালোচনায় সরব হয় রাষ্ট্রীয় জনতা দল।
তখন পরিস্থিতি বেগতিক দেখে নিজের বক্তব্যের পালটা ব্যাখ্যা দেন বিধায়ক। জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, লালু প্রসাদ যাদবের আমালে তার ৯ জন সহযোগীকে হত্যা করা হয়েছে। তিনি নীতীশ কুমারের পাশে দাঁড়িয়েছিলেন বলেই তাঁদের ওপর অত্যাচার করা হয়েছিল। অনন্ত সিংয়ের এই ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি।উল্লেখ্য, আগামী ২৩ অক্টোবর বিহারে বিধান পরিষদের ভোট। তার আগে জেডিইউ বিধায়ক নিজের দলের প্রার্থী নীরজ কুমারকে সমর্থন না করে প্রশান্ত কিশোরের দলের প্রার্থী অনুজ সিংকে সমর্থন করে যা থেকে যাবতীয় বিতর্কের সূত্রপাত।


