Bengal Liberty : আহত বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রবিবার গভীর রাতে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর মুম্বইয়ের বাড়িতে যান তিনি। উপস্থিত ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফও। অভিনেতার উপর হামলার ঘটনায় কড়া বার্তা দিয়েছেন শিন্ডে। তাঁর স্পষ্ট বক্তব্য, মুম্বইয়ে কোনওরকম দাদাগিরি বরদাস্ত করা হবে না। এদিকে, এই গুলিচালনার ঘটনার তদন্তে ১৫টি বিশেষ দল গঠন করেছে মুম্বই পুলিশ। হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং।
রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে জানা যাচ্ছে। গুলির আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়। সেই কাচের টুকরো ও বারুদের কারণে অভিনেতার হাতে আঘাত লাগে বলে জানিয়েছেন একনাথ শিন্ডে। এই ঘটনায় টাইগারের গাড়িচালক-সহ দু’জন আহত হয়েছেন বলে খবর। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা।
টাইগারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একনাথ শিন্ডে জানান, এই ঘটনা অত্যন্ত গুরুতর এবং নিন্দনীয়। জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রকাশ্যে হুমকি দেওয়া বা ভয় দেখিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁর কথায়, “মুম্বইয়ে কারও দাদাগিরি চলবে না।” এই ধরনের অপরাধ বন্ধ করতে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
আরও খবর
শিন্ডে আরও জানান, নব্বইয়ের দশকে মুম্বইয়ে গ্যাংগুলির দাপট থাকলেও পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। ফের শহরে সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্যদিকে, হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে অভিনেতাকে নিশানা করা হল, তা জানতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই ১৫টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করায় তদন্তে সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পিছনে প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।


