বোলপুরের রেশ কাটতে না কাটতেই আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি! ফেরার অভিযুক্ত দুষ্কৃতী
বোলপুরের রেশ কাটতে না কাটতেই আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি! ফেরার অভিযুক্ত দুষ্কৃতী

বোলপুরের রেশ কাটতে না কাটতেই আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি! ফেরার অভিযুক্ত দুষ্কৃতী

Bengal Liberty : ফের পুলিশকে লক্ষ্য করে গুলি! বোলপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলের হীরাপুরে একই ঘটনার পুনরাবৃত্তি। বুধবার একাধিক অপরাধে অভিযুক্ত প্রতাপ ওরফে প্যাও দাসকে ধরতে গিয়ে গুলির মুখে পড়ে পুলিশ। অভিযোগ, বাড়ি ঘিরে ফেলতেই পুলিশকর্মীদের লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেন অভিযুক্ত। যদিও এই ঘটনায় কোনও পুলিশকর্মী হতাহত হননি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বাড়ি ঘিরতেই পুলিশকে লক্ষ্য করে গুলি

পুলিশ সূত্রে খবর, প্রতাপ ওরফে প্যাও দাসের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। খুন, ডাকাতি-সহ বিভিন্ন মামলায় তাঁর নাম জড়িয়েছে। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। গোপন সূত্রে তাঁর বাড়িতে থাকার খবর পেয়ে বুধবার তাঁকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ।

আসানসোলের ইসমাইল এলাকায় প্রতাপের পরিবারের ভাড়াবাড়ি ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। কিন্তু পুলিশ তাঁকে ধরতে এসেছে বুঝতে পেরেই পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। অভিযোগ, সেই সময় পুলিশকর্মীদের লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালান তিনি। এর পর সেখান থেকে পালিয়ে যান। তবে গুলিতে কোনও পুলিশকর্মী আহত হননি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপ দাসের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি পেট্রল পাম্পে ডাকাতির ঘটনাতেও তাঁর নাম জড়ায়। সালানপুরে পেট্রল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোনকে খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এলাকার বাসিন্দাদের দাবি, বিভিন্ন অপরাধের ঘটনায় বার বার গ্রেফতার হলেও কিছু দিনের মধ্যেই ছাড়া পেয়ে যান প্রতাপ। এর পর ফের কোনও না কোনও অপরাধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই বোলপুরের শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েকবাজারে কর্তব্যরত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। গুরুতর জখম হয়েছিলেন ওই কনস্টেবল। ঘটনার পর মূল অভিযুক্ত রতন শেখ গা ঢাকা দিলেও পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশি হেফাজতে থাকাকালীন এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর। বোলপুরের ঘটনার পর এবার আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।