Bengal Liberty : নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি রুখতে এবার পাইকারি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) নজরদারি। বুধবার শহরের একাধিক খুচরো বাজার ও মুদিখানার দোকানে অভিযান চালানোর পর বৃহস্পতিবার সকাল থেকেই পাইকারি বাজারে তদারকিতে নামলেন ইবি আধিকারিকেরা। এ দিন আহিরীটোলা, পোস্তা-সহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ বাজারে পৌঁছে তেল, চিনি-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাঁরা।
বুধবার বিভিন্ন স্টেশনারি ও মুদিখানার দোকানে গিয়ে ভোজ্যতেল, চিনি, চাল, ডাল-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন আধিকারিকেরা। খুচরো ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা কোথা থেকে এই সমস্ত পণ্য সংগ্রহ করছেন এবং কোন পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কিনছেন। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার সরাসরি পাইকারি বাজারে পৌঁছে যান ইবি আধিকারিকেরা।
এ দিন আহিরীটোলা থেকে পোস্তা পর্যন্ত একাধিক জায়গায় গিয়ে তেল ও চিনির পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাঁরা। বাজারে পণ্যের জোগান ও আমদানির পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পাইকারি ও খুচরো দামের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা-ও যাচাই করেন আধিকারিকেরা। একই পণ্য এক জায়গায় এক দামে, অন্যত্র বেশি দামে বিক্রি হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতাও সরেজমিনে যাচাই করেন তাঁরা।
আরও খবর
পাশাপাশি, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করতে কোথাও বেআইনিভাবে খাদ্যসামগ্রী মজুত করা হচ্ছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হয়। পোস্তা ছাড়াও শিয়ালদহের কোলে মার্কেট, কলেজ স্ট্রিট, হগ মার্কেট এবং লেক মার্কেটেও এ দিন নজরদারি চালানো হয় বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এই তৎপরতা। খুচরো বাজারের পর এবার পাইকারি বাজারেও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারদর সংক্রান্ত তথ্য সংগ্রহ করলেন ইবি আধিকারিকেরা। আগামী দিনেও এই নজরদারি অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে খবর।


