Nabanna
‘ভরসা’ প্রকল্পে কারা যোগ্য, কী ভাবে আবেদন করবেন? প্রকাশ্যে এল সরকারি বিজ্ঞপ্তি

‘ভরসা’ প্রকল্পে কারা যোগ্য, কী ভাবে আবেদন করবেন? প্রকাশ্যে এল সরকারি বিজ্ঞপ্তি

Bengal Liberty : নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দিতে নতুন ‘ভরসা’ প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করল যুবকল্যাণ ও ক্রীড়া দফতর।

দু’দিন আগে নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এ বার বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হল, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কত টাকা দেওয়া হবে এবং আবেদনের ক্ষেত্রে কী কী শর্ত মানতে হবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে গোটা রাজ্যে কার্যকর হবে এই প্রকল্প। ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য যুবক-যুবতীরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা পাবেন। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাসিক অনুদানের পরিমাণ দু’টি ভাগে নির্ধারণ করা হয়েছে।

যাঁরা স্নাতক বা গ্র্যাজুয়েট, তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। পাশাপাশি, সরকারি আইটিআই থেকে ভোকেশনাল সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেছেন, এমন যোগ্য প্রার্থীরাও মাসে ২,০০০ টাকা করে পাবেন। অন্য দিকে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু স্নাতক নন, এমন যুবক-যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কয়েকটি নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত থাকলে কিংবা স্বনিযুক্ত হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। আবেদনকারীর নিজের নামে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) পদ্ধতিতে সরাসরি সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

এ ছাড়াও একই পরিবার থেকে সর্বাধিক দু’জন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা যোজনা কিংবা রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীরা সাধারণ ভাবে এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে মানবিক পেনশন বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নির্ধারিত পেনশন প্রাপকদের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।

ভোটার তালিকা সংক্রান্ত বিষয়েও বিজ্ঞপ্তিতে বিশেষ উল্লেখ রয়েছে। ২০২৬ সালের এসআইআরের পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন। পাশাপাশি, এসআইআর অ্যাপেলেট ট্রাইব্যুনালে যাঁদের মামলা বিচারাধীন রয়েছে অথবা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর অধীনে যাঁদের আবেদন বিবেচনাধীন রয়েছে, তাঁরাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রকল্পের আবেদন যাচাইয়ের পদ্ধতিও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। ‘আপনার সরকার আপনার পাশে’ শীর্ষক জনঅভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে আবেদনগুলি খতিয়ে দেখা হবে। যাচাইয়ের পর সংশ্লিষ্ট তথ্য ‘ভরসা’ প্রকল্পের তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত করা হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।