Bengal Liberty : অভ্যন্তরীণ অশান্তিতে জেরবার পাকিস্তান। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিভিন্ন প্রদেশে সংঘাতের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। বালোচিস্তান লিবারেশন আর্মির হামলার মুখে বারবার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে পাক সেনা। অশান্তির আঁচ ছড়িয়েছে পাক অধিকৃত কাশ্মীরেও। বালোচিস্তানের পাশাপাশি পাঞ্জাব, সিন্ধু ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গাতেও অস্থিরতার ছবি চোখে পড়ছে। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ধীরে ধীরে বিভিন্ন প্রদেশে প্রতিরোধ গড়ে উঠছে। এই পরিস্থিতির মধ্যেই কি পাকিস্তানের প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন আনতে মরিয়া হয়ে উঠেছেন সেনাপ্রধান আসিম মুনির?
সূত্রের খবর, পাকিস্তানে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ অশান্তির আবহে দেশটির চারটি প্রদেশকে ভাগ করে ১২ থেকে ১৬টি ছোট প্রদেশ গঠনের পরিকল্পনা করছেন আসিম মুনির। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পাকিস্তানের অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো অনেকটাই বদলে যাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তে কি আখেরে লাভ হবে পাকিস্তানের?
আপাতত এই সম্ভাবনা ঘিরে পাকিস্তান জুড়ে চলছে বিতর্ক। সম্প্রতি করাচি-সহ সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন। সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর দাবিতে সরব হয়েছে। এহেন পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়ছে। পাশাপাশি, পাকিস্তানের বিভিন্ন প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতাও বাড়ছে। সেই কারণেই কি প্রদেশগুলিকে ভাগ করার প্রস্তুতি নিচ্ছেন মুনির?
আরও খবর
তবে প্রশ্ন একটাই, আদৌ কি পাকিস্তানের বর্তমান প্রাদেশিক কাঠামোয় এত বড় পরিবর্তন আনা সম্ভব? বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের প্রায় ১২ কোটি ৮০ লক্ষ মানুষ পাঞ্জাব প্রদেশে বসবাস করেন। অর্থাৎ, দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই এই প্রদেশের বাসিন্দা। অন্যদিকে, আয়তনের নিরিখে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালোচিস্তানে বসবাস করেন মাত্র দেড় কোটি মানুষ। জনসংখ্যা ও আয়তনের এই তারতম্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। সে দিক থেকে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে আঞ্চলিক বৈষম্য কিছুটা কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে বিভিন্ন প্রদেশের বাসিন্দারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেন। সে ক্ষেত্রে শরিফ সরকারের বিড়ম্বনা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
ভবিষ্যতে কি অভ্যন্তরীণ সমস্যার জেরে আরও বড় কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হবে পাকিস্তান? নাকি পরিস্থিতি সামাল দিতে অন্য কোনও সিদ্ধান্ত নেবে পাক প্রশাসন? আপাতত পাকিস্তানের অভ্যন্তরীণ টানাপড়েনের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।


