ভারত মহাসাগরে ড্রাগনের নজর! চিন ও পাকিস্তানকে জোরালো বার্তা ডোভালের!
ভারত মহাসাগরে ড্রাগনের নজর! চিন ও পাকিস্তানকে জোরালো বার্তা ডোভালের!

ভারত মহাসাগরে ড্রাগনের নজর! চিন ও পাকিস্তানকে জোরালো বার্তা ডোভালের!

Bengal Liberty : ভারত মহাসাগরে ক্রমশ নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। এক দিকে পাকিস্তানের সঙ্গে বেজিংয়ের সামরিক ও কৌশলগত সম্পর্ক, অন্য দিকে দক্ষিণ এশিয়ার একাধিক দেশে চিনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কূটনৈতিক অবস্থান ও প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করতে এ বার বড় পদক্ষেপ করল নয়াদিল্লি। মালদ্বীপে পৌঁছে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। একই সঙ্গে তাঁর এই সফরের মাধ্যমে পাকিস্তানকেও কূটনৈতিক বার্তা দেওয়া হল বলে মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ।

সূত্রের খবর, ২৪ থেকে ২৬ নভেম্বর মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ (Colombo Security Conclave)-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করছেন অজিত ডোভাল। ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিশাস, বাংলাদেশ এবং সেশেলসের অংশগ্রহণে এই আঞ্চলিক নিরাপত্তা মঞ্চের মূল লক্ষ্য ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সুনিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগরে চিনের ক্রমবর্ধমান প্রভাবের আবহে এই মঞ্চের গুরুত্ব যথেষ্ট বেড়েছে। সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক ও মানবপাচার রোধ এবং সাইবার নিরাপত্তার মতো একাধিক বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে সমন্বয় বাড়ানোই ভারতের অন্যতম লক্ষ্য।

উল্লেখযোগ্য বিষয় হল, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সাম্প্রতিক পাকিস্তান সফরের পর এটিই ভারত ও মালদ্বীপের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের যোগাযোগ। পাকিস্তান সফরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন মুইজ্জু। পাশাপাশি, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামুদ্রিক সহযোগিতা-সহ বিভিন্ন ক্ষেত্রে ২০টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল। স্বাভাবিক ভাবেই ইসলামাবাদের সঙ্গে মালের এই ঘনিষ্ঠতা নয়াদিল্লির নজর এড়ায়নি।

বুধবার কলম্বো সিকিউরিটি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে ভারত মহাসাগরীয় দেশগুলির মধ্যে আরও গভীর কৌশলগত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ডোভাল। তাঁর বক্তব্য, ভারত মহাসাগর শুধু ভারতের জাতীয় নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং এই অঞ্চলের মানুষের স্বার্থের সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িত।

সব মিলিয়ে, ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রভাব এবং পাকিস্তানের সঙ্গে মালদ্বীপের সাম্প্রতিক প্রতিরক্ষা ঘনিষ্ঠতার আবহে ডোভালের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারত মহাসাগরে নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখতে এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে নয়াদিল্লি যে সক্রিয়, ডোভালের এই সফর যেন সেই বার্তাই দিল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।