Bengal Liberty : আন্তর্জাতিক বাণিজ্যে ফের নতুন করে উত্তেজনা ছড়াতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সিদ্ধান্তে। এবার চিন, ভারত-সহ বিশ্বের মোট ১৬টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের উপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংস্থাগুলির স্বার্থ রক্ষা এবং দেশীয় উৎপাদন শিল্পকে প্রতিযোগিতার মুখে সুরক্ষা দিতেই এই পদক্ষেপ বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। স্বাভাবিকভাবেই আমেরিকার এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মহলে।
সূত্রের খবর, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর (USTR) দীর্ঘ কয়েক মাস ধরে ১৬টি দেশের শিল্প উৎপাদন এবং সরকারি ভর্তুকি সংক্রান্ত নীতি খতিয়ে দেখছে। ওয়াশিংটনের অভিযোগ, সংশ্লিষ্ট দেশগুলিতে সরকারি ভর্তুকির সাহায্যে অতিরিক্ত উৎপাদন হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য বিক্রি করে মার্কিন সংস্থাগুলির ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই নতুন করে শুল্ক আরোপের পথে হাঁটতে পারে ট্রাম্প প্রশাসন।
তালিকায় রয়েছে ভারত, চিন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ এবং কম্বোডিয়া। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার অধীনেই এই তদন্ত চালানো হচ্ছে। তদন্তের ফলাফল প্রকাশের পর নতুন শুল্কের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আরও খবর
উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রশাসনের একাধিক শুল্কনীতি নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপ করা বিস্তৃত শুল্কের আইনি ভিত্তি খারিজ করে দেয়। এবার সেই ধাক্কা সামলে নতুন আইনি পথ ব্যবহার করে ফের শুল্কনীতিকে কার্যকর করার চেষ্টা করছে ওয়াশিংটন। ফলে আগামী দিনে ভারত-আমেরিকা বাণিজ্যিক সম্পর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।


