"কোনও শক্তিই মহিলা সংরক্ষণ কার্যকর আটকাতে পারবে না", বিশেষ অধিবেশনের আগে হুঙ্কার কিরণ রিজিজু'র
"কোনও শক্তিই মহিলা সংরক্ষণ কার্যকর আটকাতে পারবে না", বিশেষ অধিবেশনের আগে হুঙ্কার কিরণ রিজিজু'র

“কোনও শক্তিই মহিলা সংরক্ষণ কার্যকর আটকাতে পারবে না”, বিশেষ অধিবেশনের আগে হুঙ্কার কিরণ রিজিজু’র

Bengal Liberty : মহিলা সংরক্ষণ আইন সংশোধন এবং লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পাশ নিয়ে যাবতীয় জল্পনার মাঝেই সংসদে বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পোস্টে জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর লোকসভার বিশেষ অধিবেশন বসবে ও আগামী ২ ডিসেম্বর রাজ্যসভার বিশেষ অধিবেশন বসবে। প্রশ্ন উঠছে, লোকসভায় আসন পুনর্বিন্যাস বিল ও মহিলা সংরক্ষণ আইন সংশোধন করার লক্ষ্যেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। যাবতীয় জল্পনার মাঝে বৃহস্পতিবার সংবিধান দিবসের দিন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ার জন্য নাম না করে কংগ্রেসকেই দায়ী করেছেন তিনি। একই সঙ্গে তাঁর দৃঢ় বার্তা, কোনও শক্তিই মহিলা সংরক্ষণ কার্যকর হওয়া আটকাতে পারবে না।

এদিন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের উভয় কক্ষে অধিবেশন চলবে। তবে সংসদে বিল আসার ওপর নির্ভর করবে এই অধিবেশনের মেয়াদ কতটা হবে। তবে কোন কোন বিল এই বিশেষ অধিবেশনে আসতে পারে, সেবিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহিলা সংরক্ষণ আইন সংশোধন এবং আসন পুনর্বিন্যাসের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীদের সংসদের সম্ভাব্য অধিবেশনকে সামনে রেখে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বিদেশ সফর এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। যে কোনও সময় সংসদীয় কর্মসূচি চূড়ান্ত হলে যাতে মন্ত্রী ও সাংসদদের উপস্থিতি নিশ্চিত করা যায়, সেই কারণেই এই সতর্কতা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, ১৫ ডিসেম্বর বা তার কয়েক দিন আগে শীতকালীন অধিবেশন শুরু হতে পারে।

তবে সংসদের আগের বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি সংক্রান্ত কিছু প্রক্রিয়া এখনও বাকি থাকায় নতুন অধিবেশন ডাকার ক্ষেত্রে সময়ের সীমাবদ্ধতা রয়েছে। তাই শীতকালীন অধিবেশনের আগে একটি সংক্ষিপ্ত বিশেষ অধিবেশন আয়োজনের বিকল্পও বিবেচনায় রয়েছে। অন্যদিকে, বিল পাশের ক্ষেত্রে প্রয়োজনীয় সাংসদ সংখ্যা নিয়েও হিসেবনিকেশ শুরু হয়েছে। আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। হিসেব অনুযায়ী, লোকসভায় বর্তমানে কার্যকর সদস্যসংখ্যা ৫৪০।

ফলে প্রয়োজনীয় সমর্থনের সংখ্যা ৩৬০। এনডিএ শিবিরের হাতে আনুমানিক ৩২০ জন সাংসদ রয়েছেন বলে দাবি সূত্রের। এই পরিস্থিতিতে ডিএমকে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির সাংসদদের সমর্থন পাওয়ার সম্ভাবনাও রাজনৈতিক অঙ্কে গুরুত্ব পাচ্ছে। যদিও তাঁদের সমর্থন মিললেও প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে আরও কয়েকটি দলের সহযোগিতা প্রয়োজন হবে। বিকল্প হিসেবে ভোটাভুটির সময় বিরোধী সাংসদদের অনুপস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত এপ্রিল মাসে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করাতে ব্যর্থ হয়েছিল মোদি সরকার। সেই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘মহিলাদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি না দিলে আমাদের সংবিধানের যাত্রাপথ অসম্পূর্ণ থেকে যাবে। বছরের শুরুর দিকে বিলটি পাস না-হওয়ায় আমাদের হৃদয় লজ্জায় ভরে গিয়েছে।’ প্রধান বিরোধী দলকে বিঁধে তাঁর কটাক্ষ, দুঃখের বিষয় হল তারা বিরোধিতার চেয়ে সংসদে অবরোধই বেশি করে। তবে ভারতের নারীশক্তিকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, তাঁদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার কাজ থেকে সরকারকে কেউ বিরত করতে পারবে না। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘সংবিধান রচনায় যে সব মহিলার অবদান রয়েছে, তাঁদের স্বীকৃতি না দিলে ভারতের সাংবিধানিক যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে।’

আইনসভায় মহিলাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিল আটকে দেওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘সাংবিধানিক গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা স্পষ্টভাবে নির্ধারিত থাকলেও প্রধান বিরোধী দল ক্রমশ ‘বিরোধী পক্ষ’ (অপোজিশন)-এর বদলে ‘অবরোধ পক্ষ’ (বাধাদানকারী)-এ পরিণত হয়েছে।’ তাঁর মন্তব্য, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কোনওভাবেই সাংবিধানিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।’ বিরোধী দলকে নিশানা করে মোদি আরও অভিযোগ করেন যে, তারা অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করতে চাইছে। প্রধানমন্ত্রীর মতে, এই ধরনের প্রস্তাব সংবিধান প্রণেতাদের, বিশেষত বি আর অম্বেদকরের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। তাঁর কথায়, ‘এটি অত্যন্ত নিন্দনীয় যে, বিরোধী শিবিরের বৃহত্তম দলটি ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিম সংরক্ষণ আনতে চাইছে।’

উল্লেখ্য, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল’-এ লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার প্রস্তাব রাখা হয়েছিল, যাতে ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগেই লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা যায়। কিন্তু গত এপ্রিল মাসে লোকসভায় বিলটি পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় সরকার এবং বিলটি পরাস্ত হয়। রাজনৈতিক মহলের মতে, চলতি মাসের শেষে বা ডিসেম্বরের শুরুতে লোকসভার মুলতুবি থাকা অধিবেশন ডেকে ফের বিলটি পাস করানোর চেষ্টা করতে পারে কেন্দ্র। সরকারের একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই প্রয়োজনীয় সমর্থনের ব্যবস্থা কার্যত করে ফেলা হয়েছে। সামগ্রিক ভাবে বিরোধীদের বদলে কেবল কংগ্রেসকে নিশানা করে মোদি আসলে বাকি বিরোধী দলগুলির সমর্থন আদায়ের কৌশল নিয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।


অন্যদিকে, একইসঙ্গে নকশালবাদ প্রসঙ্গেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দেশকে নকশালবাদ থেকে মুক্ত করা সম্ভব হয়েছে, যাঁরা আদিবাসী অধ্যুষিত এলাকায় গরিব মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিতেন। তবে কটাক্ষের সুরে মোদি লিখেছেন, ‘নকশালরা না-থাকলেও ‘দিমাগি নকশালরা’ রয়ে গিয়েছেন। তাঁরা দেশের উন্নয়নের অগ্রগতি রোখার চেষ্টা করে যাচ্ছেন।’

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।