Bengal Liberty : বিরোধী শক্তির ক্ষমতা প্রদর্শনে রবিবার দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশ করেছে ইন্ডি জোট। সেই সমাবেশে ভিড় দেখানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি ছবি ব্যবহার করেছে কংগ্রেস। এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর দাবি, সমাবেশে বিপুল জনসমাগম হয়েছে, তা প্রমাণ করতে AI-নির্মিত ছবির আশ্রয় নিতে হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসকে। এমনকি সেই ছবিও ঠিকমতো তৈরি করতে পারেনি কংগ্রেসের ‘ভুয়ো প্রচার’ চালানো দলটি।
বিতর্কের সূত্রপাত একটি ছবিকে কেন্দ্র করে।কংগ্রেস সাংসদ বংশী গাড্ডাম-সহ দলের একাধিক নেতা সমাজমাধ্যমে রামলীলা ময়দানের জনসমাগমের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিটি নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেই কংগ্রেসকে আক্রমণ করেন রিজিজু। পোস্টে তিনি লিখেছেন, ” রামলীলা ময়দানকে কানায় কানায় পূর্ণ দেখানোর জন্য অন্তত AI দিয়ে তৈরি ছবিটিও ঠিকঠাক বানানো উচিত ছিল কংগ্রেসের।”
শুধু রিজিজুই নন, সমাজমাধ্যমে আরও অনেকেই ছবিটিকে AI-নির্মিত বলে দাবি করেছেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ জগদীশ ঠাকোরও একই ছবি পোস্ট করেছিলেন। ছবিতে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর যে ছবি মঞ্চে দেখা গিয়েছে, তার সঙ্গে সমাবেশের প্রকৃত মঞ্চের দৃশ্যেরও অমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও খবর
উল্লেখ্য, রবিবার রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডি জোটের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়েছিল। নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। সমাবেশের আগে কংগ্রেসের দাবি ছিল, এই কর্মসূচিতে প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত হবে।
তবে বিজেপির দাবি, সমাবেশে প্রত্যাশিত ভিড় হয়নি। বিজেপি সাংসদ তথা মুখপাত্র পুরীর সাংসদ সম্বিত পাত্রের অভিযোগ, ময়দানের প্রায় ৪০ শতাংশ জায়গাই ফাঁকা ছিল। তাঁর আরও দাবি, কংগ্রেস যে বিপুল জনসমাগমের ছবি দেখাচ্ছে, তা আসলে ক্যামেরার কারসাজি।
অন্যদিকে, বিজেপির অভিযোগের জবাবে সমাবেশের ড্রোন ফুটেজ ও অন্যান্য ছবি প্রকাশ করে বিপুল জনসমাগমের দাবি করেছে কংগ্রেস। ফলে রামলীলা ময়দানের সমাবেশ ঘিরে AI-নির্মিত ছবি নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক।


