Ebola Virus
Ebola Virus

ইবোলার দাপটে কঙ্গোয় মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধি! ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের!

Bengal Liberty : আফ্রিকার কঙ্গোয় ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। মারণ ভাইরাসের সংক্রমণ, মৃত্যুভয় এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার নতুন করে সামনে এল এক ভয়ংকর সামাজিক সংকট। ইবোলার প্রাদুর্ভাবের জেরে কঙ্গোয় মহিলাদের উপর লিঙ্গভিত্তিক হিংসা ও নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের (UNICEF) একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য।

ইউনিসেফের প্রকাশিত প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, কঙ্গোর ইটুরি প্রদেশের পাঁচটি স্বাস্থ্য অঞ্চলে ১,০৬২ জন মহিলা ও কিশোরীর সঙ্গে কথা বলে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৫৮ শতাংশ মহিলা ও কিশোরী জানিয়েছেন, ইবোলা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তাঁদের জীবনে হিংসা ও নির্যাতনের ঘটনা শুরু হয়েছে অথবা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শুধু শারীরিক নির্যাতনই নয়, মানসিক অত্যাচার, যৌন হিংসা এবং স্বাধীনভাবে চলাফেরার উপর নিয়ন্ত্রণের মতো একাধিক অভিযোগও সামনে এসেছে।

ইউনিসেফের তরফে আরও জানানো হয়েছে, ইবোলা সংক্রমণ মোকাবিলায় কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মতো পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সমস্ত ব্যবস্থার কারণে বহু পরিবারে মানসিক চাপ ও আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, যেসব পরিবারের সদস্যদের আইসোলেশন, কোয়ারেন্টাইন কিংবা কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাঁদের প্রায় ৬৪ শতাংশ পরিবারে নতুন করে হিংসা অথবা নির্যাতনের ঘটনা ঘটেছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৯০ শতাংশই এই পরিস্থিতির পিছনে ইবোলা সংক্রমণ ঘিরে তৈরি হওয়া আতঙ্ক ও মানসিক চাপকে দায়ী করেছেন।

এ প্রসঙ্গে ইউনিসেফের জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডগলাস নোবেল জানিয়েছেন, ইবোলা মোকাবিলায় যথেষ্ট অগ্রগতি হলেও সংক্রমণের প্রভাব শুধুমাত্র মৃত্যু কিংবা শারীরিক অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ নেই। মহিলাদের চলাফেরার স্বাধীনতা কমে যাওয়া এবং পরিবারের মধ্যে নিয়ন্ত্রণমূলক আচরণ বৃদ্ধি পাওয়ার ফলে তাঁদের উপর নির্যাতনের ঝুঁকিও বাড়ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, গত জুন মাস থেকে ইউনিসেফ এবং সহযোগী সংস্থাগুলি ইটুরি ও নর্থ কিভু প্রদেশে লিঙ্গভিত্তিক হিংসার শিকার ৩,৩০০-রও বেশি মহিলাকে সাহায্য করেছে। অথচ মহিলা ও শিশুদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় অর্থের প্রায় ৭৬ শতাংশের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সব মিলিয়ে, কঙ্গোয় ইবোলা মোকাবিলার লড়াইয়ের মধ্যেই মহিলাদের নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।