Bengal Liberty : ফের এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মিশর! জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হল মিশরের রাজধানী কায়রোর রাজপথ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন। আহত হয়েছেন ২১ জনেরও বেশি মানুষ। দুর্ঘটনার পর থেকেই গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনদের হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে গত বুধবার গিজা প্রদেশের আল-ওয়ারাক এলাকায় কায়রোর রিং রোডে। জানা গিয়েছে, পেট্রোলিয়ামজাত পদার্থ বহনকারী একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর পরই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলতে শুরু করে আশপাশের একাধিক গাড়ি ও মোটরবাইক। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, জ্বলন্ত গাড়ির ভিতর থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। দুর্ঘটনায় দুই ডজনেরও বেশি যানবাহন পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে, শুক্রবার কায়রোর ওয়ারাক এলাকায় আল-সালাম মসজিদের বাইরে জড়ো হন মৃতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। সেখানে একই পরিবারের পাঁচ সদস্যের শেষকৃত্য সম্পন্ন হয়। একই পরিবারের পাঁচ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া আরও গভীর হয়েছে। মৃতদের মধ্যে ছিলেন এক ব্যক্তি, তাঁর মেয়ে, ছেলে এবং দুই ভাইপো। প্রিয়জনদের শেষবিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
আরও খবর
অন্যদিকে, এই ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মিশরের প্রশাসন। দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্যাঙ্কারটির চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মৃতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
মিশরে পথ দুর্ঘটনা নতুন কোনও ঘটনা নয়। বেপরোয়া গাড়ি চালানো, রাস্তার বেহাল অবস্থা এবং ট্রাফিক আইন কার্যকর করার ক্ষেত্রে দুর্বলতার কারণে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয়। কায়রোর এই ভয়াবহ দুর্ঘটনা ফের এক বার মিশরের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিল।


