Bengal Liberty : রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক শেষে তিনি ফের স্পষ্ট করে দিলেন, অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পুলিশকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এদিনই সকালে আসানসোলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হন এক ফেরার অভিযুক্ত। সেই ঘটনার প্রসঙ্গ টেনেই পুলিশকে খোলা হাতে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের কর্মসংস্থান, পরিকাঠামো, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবা নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
একাধিক পরিকল্পনা ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর কথায়, সরকারের প্রথম অগ্রাধিকার কর্মসংস্থান। দ্বিতীয়ত, শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা। তৃতীয়ত, নতুন পরিকাঠামো তৈরি এবং চতুর্থত, পরিবেশ ও সবুজায়নের দিকে নজর দেওয়া। একই সঙ্গে সিন্ডিকেট, কাটমানি, কয়লা ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, গত ছ’মাসে এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুলিশ ও সিআইএসএফের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর কথাও বলেন তিনি। পানীয় জল প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ‘জল জীবন মিশন’-এ প্রায় ২ লক্ষ ৯৪ হাজার বাড়িতে জল পৌঁছানোর দাবি করা হলেও বাস্তবে অনেক বাড়িতে জল পৌঁছায়নি বলে অভিযোগ করেন বিধায়কেরা। এ নিয়ে সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে সতর্ক করা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হলে তাদের ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দিয়েছেন তিনি। অম্রুত প্রকল্পের কাজেও গতি আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য পরিষেবা নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। দুর্গাপুর ও আসানসোলের মাঝামাঝি এলাকায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। সেখানে বার্ন ইউনিট ও শিশুদের চিকিৎসার জন্য পেডিয়াট্রিক ইউনিট থাকবে। এই প্রকল্পে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ১০০০ কোটি টাকা খরচ করবে। জমি খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসককে।
আরও খবর
পাশাপাশি কুলটিতে ইসিএলের একটি হাসপাতাল রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাবও এসেছে বলে জানান তিনি। সেটি পাওয়া গেলে দ্রুত আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। তাঁর লক্ষ্য, মার্চের মধ্যেই সেখানে এমআরআই, এসএনসিইউ এবং ব্লাড ব্যাঙ্ক চালু করা। এ ছাড়া আগামী ৩ জানুয়ারি শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পাঞ্চলে স্থানীয় ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য হবে বলে জানান তিনি।
আসানসোলের এনকাউন্টার নিয়ে কড়া বার্তা
শুক্রবার সকালে আসানসোলের ইসমাইল এলাকায় অভিযুক্ত প্রতাপ দাসকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, বুধবার সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল। শুক্রবার ফের তাকে ধরতে গেলে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পায়ে গুলি লেগে জখম অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনার প্রসঙ্গেই প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশকে গুলি করেছে, পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। পুলিশকে খোলা হাত দেওয়া আছে। এ সব চলবে না।” তাঁর আরও বক্তব্য, আগে পুলিশকে নানা পরিস্থিতিতে পিছিয়ে যেতে হত। কিন্তু এখন পুলিশ অপরাধীদের বিরুদ্ধে পাল্টা জবাব দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনও রকম আপস করা হবে না, সেই বার্তাই এ দিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।


