Bengal Liberty : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের লালগোলা এলাকা থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে লালগোলা থানার অন্তর্গত পাহাড়পুর এলাকায় তল্লাশি চালিয়ে তাঁদের ধরা হয়। আটকের পর ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য লালগোলা থানায় নিয়ে যাওয়া হয়।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন। পুলিশি জেরায় ধৃতদের নাম ও পরিচয় জানা গিয়েছে। আটক ৮ জনের মধ্যে সাত জনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। তাঁরা হলেন, পিয়ারুল ইসলাম (২০), আতিক হোসেন (২২), মহম্মদ আল মামোন আলি (১৭), মহম্মদ আতিক হাসান (২০), মহম্মদ মমিনুল ইসলাম (২৯), মহম্মদ আব্দুল হাই (৪২) এবং মহম্মদ জসিম (২১)। এ ছাড়া এনামুল হক (২৩) নামে আরও এক যুবককে আটক করা হয়েছে, যাঁর বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে একজনের বয়স সতেরো বছর হওয়ায় আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
দোলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী পাহাড়পুর এলাকায় কয়েক জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ঘোরাফেরা করছেন বলে গোপন সূত্রে খবর পৌঁছায় লালগোলা থানায়। সেই তথ্যের ভিত্তিতে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত পদক্ষেপ করে পুলিশের একটি বিশেষ দল। পাহাড়পুর এলাকায় অতর্কিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই আট জনকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। তল্লাশির সময় তাঁদের কাছে ভারতে প্রবেশের বা বসবাসের কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
আরও খবর
রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, জীবিকার তাগিদে ও কাজের খোঁজে তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। এখান থেকে তাঁরা দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে চলে যান এবং সেখানেই বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। সম্প্রতি তামিলনাড়ুতে কাজ শেষ করে তাঁরা নিজেদের দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই মতো ফেরার পথে লালগোলার পাহাড়পুর এলাকায় এসে পৌঁছলে পুলিশের জালে ধরা পড়ে যান তাঁরা।
কীভাবে এবং কোন সীমান্ত পথ ব্যবহার করে এই আট জন ভারতে প্রবেশ করেছিলেন, তা এখন খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ। এই অনুপ্রবেশের নেপথ্যে কোনও দালাল চক্র বা আন্তর্জাতিক পাচারকারী দল সক্রিয় রয়েছে কি না, এবং সীমান্ত পারাপারে স্থানীয় কেউ তাঁদের সাহায্য করেছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে। জেলা পুলিশ সূত্রে খবর, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজই ধৃতদের লালগোলা থানা থেকে লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রুখতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।


