Bengal Liberty : মোক্ষলাভের আশায় অত্যন্ত সরু গুহার মতো একটি পথে ঢুকেছিলেন এক মহিলা। কিন্তু মাঝপথেই আটকে পড়েন তিনি। কিছুতেই বেরিয়ে আসতে না পেরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। শেষ পর্যন্ত আশপাশে থাকা পুণ্যার্থীরা তাঁকে টেনে বাইরে বের করে আনেন। তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ের ইডুক্কু পিল্লাইয়ার মন্দিরের কাছে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই বিপজ্জনক পথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কী বলছেন নেটিজেনরা?
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাথরের তৈরি অত্যন্ত সরু একটি পথের মধ্যে আটকে পড়েছেন ওই মহিলা। সেখান থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। সাহায্যের জন্য চিৎকারও করছেন। তাঁর চিৎকার শুনে এগিয়ে আসেন অন্য পুণ্যার্থীরা। শেষ পর্যন্ত বেশ কয়েকজন মিলে তাঁকে টেনে বাইরে বের করে আনেন। যদিও ভিডিওটি ঠিক কবে এবং কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এমন বিপজ্জনক পথে ঢোকার কারণ জানতে চেয়েছেন। আবার কেউ মজা করে লিখেছেন, ‘Manjummel Boys নয়, Manjummel Lady!’ অন্য এক নেটিজেনের প্রশ্ন, মহিলা কীভাবে ওই পথে ঢুকলেন? আর উদ্ধারের সময় তাঁকে হ্যান্ডব্যাগ দেওয়া হচ্ছিল কেন? কেউ আবার লিখেছেন, কোনও কারণ ছাড়াই নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলছেন মানুষ।
কী এই ‘মোক্ষ মার্গম’?
উল্লেখ্য, গত জুলাই মাসেই ওই একই পথে আটকে পড়ে মৃত্যু হয়েছিল অন্ধ্রপ্রদেশের ৩৬ বছর বয়সি এক পুণ্যার্থীর। তাঁর নাম মণিকুমার। জানা গিয়েছে, ওই পথে আটকে পড়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও খবর
তিরুবন্নামালাইয়ের ইডুক্কু পিল্লাইয়ার মন্দিরের কাছে রয়েছে এই ‘মোক্ষ মার্গম’। এটি পাথরের তৈরি গুহার মতো অত্যন্ত সংকীর্ণ একটি পথ। অরুণাচল পাহাড়কে ঘিরে গিরিবলম পরিক্রমার পথেই পড়ে এই জায়গাটি। বহু পুণ্যার্থীর বিশ্বাস, এই পথ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে পারলে পুণ্যলাভ হয়। জীবনের নানা বাধা দূর হওয়ার পাশাপাশি মোক্ষ অর্থাৎ জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি মেলে বলেও বিশ্বাস করেন তাঁরা। তবে এই পথে আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার ফের এক মহিলা আটকে পড়ার ভিডিও প্রকাশ্যে আসতেই পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


