Bengal Liberty : ফুটবল মহলে ফের শোকের ছায়া! মাত্র ৩৭ বছর বয়সেই প্রয়াত হলেন আইসল্যান্ডের প্রাক্তন জাতীয় দলের গোলরক্ষক ইঙ্গভার ইয়োনসন (Ingvar Jónsson)। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে আইসল্যান্ডের ঐতিহাসিক দলের সদস্য ছিলেন তিনি। তাঁর অকাল প্রয়াণের খবরে শোকস্তব্ধ ফুটবল মহল।
বৃহস্পতিবার তাঁর প্রাক্তন ক্লাব ভিকিঙ্গুর (Víkingur) আনুষ্ঠানিক বিবৃতিতে এই দুঃসংবাদ জানানো হয়। ক্লাবের তরফে জানানো হয়েছে, গত ২৫ নভেম্বর পরিবারের সদস্য ও প্রিয়জনদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গোলরক্ষক। যদিও মৃত্যুর নির্দিষ্ট কারণ ক্লাবের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে আইসল্যান্ডের ঐতিহাসিক অভিযানের অন্যতম সদস্য ছিলেন ইয়োনসন। সেই টুর্নামেন্টে শেষ ষোলোয় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল আইসল্যান্ড। যদিও গোটা প্রতিযোগিতায় তাঁকে মাঠে নামতে দেখা যায়নি, দলের রিজার্ভ গোলরক্ষক হিসেবেই ছিলেন তিনি। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে বিদায় নেয় আইসল্যান্ড।
আরও খবর
জাতীয় দলের হয়ে মোট আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ইয়োনসন। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফাও। প্রয়াত গোলরক্ষকের পরিবার, বন্ধু এবং সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা। মাত্র ৩৭ বছর বয়সে এক প্রতিভাবান ফুটবলারের এমন অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের আবহ আইসল্যান্ডের ফুটবল মহলে।


