Bengal Liberty : ইয়েমেনে সৌদি আরবের সহায়তায় হুথি বিদ্রোহীদের অবস্থানে এবার তীব্র প্রত্যাঘাত শুরু করল দেশটির সরকারি বাহিনী। শনিবার সৌদির রাজধানী রিয়াধে ইয়েমেনের সেনার মুখপাত্র জানিয়েছেন, ‘অপারেশন ডন অফ ইয়েমেন’-এ গত ২৪ ঘণ্টায় তাঁরা হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালিয়েছেন। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন। এমনটাই দাবি করেছেন ইয়েমেন সেনার মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
সেনাবাহিনীর মুখপাত্রের দাবি অনুযায়ী, ‘‘হুথি ঘাঁটিতে ২৩টি বিমানহানা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা করা হয়েছে। এতে হুথি বাহিনীর ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালি এবং শাবওয়া-সহ বিভিন্ন প্রদেশে ইরানের মদতেপুষ্ট হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে সৌদির সহায়তায় ইয়েমেন সেনা হামলা চালিয়েছে বলে পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।
অন্য দিকে, শুক্রবার রাতে হুথির তরফে একটি বিবৃতিতে দাবি করা করা হয়েছে, তাইজ প্রদেশের আল-তুরবা এলাকায় সৌদি সেনার বিমান হামলায় ১১ অসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগকারী বাব আল-মান্দেব প্রণালীর তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল থেকে সৌদি ও ইয়েমেন সেনার যৌথবাহিনীকে হটিয়ে দিয়েছিল হুথি। এ বার তাদের উৎখাত করতে পাল্টা অভিযান শুরু করেছে যৌথবাহিনী।


