Abhishek Banerjee
অভিষেকের বিরুদ্ধে পুলিশের এফআইআর! জাল ভিডিয়ো-কাণ্ডের তদন্তে রাজ্য সাইবার ক্রাইম

অভিষেকের বিরুদ্ধে পুলিশের এফআইআর! জাল ভিডিয়ো-কাণ্ডের তদন্তে রাজ্য সাইবার ক্রাইম

Bengal Liberty : মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা জানাল পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কয়েকটি ভিডিয়ো ক্লিপ প্রকাশ করেছিলেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, পুলিশের একাংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে জাল হলফনামা তৈরির কাজে যুক্ত। আর সেই অভিযোগ ঘিরেই এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

পুলিশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে দেখানো ভিডিয়ো ক্লিপগুলি জাল ও মনগড়া। ওই ভিডিয়োগুলিতে পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন কর্মীকে জাল হলফনামা তৈরির সঙ্গে যুক্ত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ। এর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি পুলিশের।

এই ঘটনায় শনিবারই পূর্ব বর্ধমানের কালনা থানায় অভিযোগ দায়ের হয়। এবার রাজ্য পুলিশের তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করছে রাজ্য সাইবার ক্রাইম শাখা।

অন্যদিকে, এই বিতর্কে অভিষেককে পাল্টা নিশানা করেছেন গণতান্ত্রিক তৃণমূল শিবিরের নেতা আক্রুজ্জামান। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তিনি প্রশ্ন তোলেন, অভিষেকের কাছে যদি এই সংক্রান্ত ভিডিয়ো বা তথ্য থেকেই থাকে, তাহলে শুক্রবার নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে তিনি কেন নিজের বক্তব্য পেশ করেননি?

উল্লেখ্য, তৃণমূলের নাম ও নির্বাচনী প্রতীক সংক্রান্ত বিবাদের নিষ্পত্তির জন্য শুক্রবার দুই গোষ্ঠীকেই ডেকেছিল নির্বাচন কমিশন। সেই বৈঠকের পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে কার্যত রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

আক্রুজ্জামান বলেন, পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে তাঁদের দলকে অকারণে কালিমালিপ্ত করা হয়েছে। বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা উচিত বলেও দাবি জানান তিনি। এবার পুলিশের আনুষ্ঠানিক বিবৃতিতে মামলা রুজু ও তদন্ত শুরুর কথা সামনে আসায় অভিষেকের সাংবাদিক বৈঠক ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।