Bengal Liberty : রবিবার সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা কোলাঘাটের মেচেদায়। কলকাতা থেকে দিঘাগামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক বৃদ্ধাকে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারের একটি ভাতের হোটেলে ঢুকে পড়ে গাড়িটি। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫৭ বছরের এক মহিলার। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক-সহ অন্তত পাঁচজন। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মর্নিং ওয়াকে বেরিয়ে মর্মান্তিক পরিণতি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নিরুপমা কোলে। তিনি কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের অস্থায়ী কর্মী ছিলেন। রবিবার সকালে মেচেদার মানসী সিনেমা হলের সামনে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তিনি। সেই সময় কলকাতা থেকে দিঘার দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিরুপমাকে ধাক্কা মারে। এরপর সোজা রাস্তার ধারের একটি ভাতের হোটেলে ঢুকে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরুপমার।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নিরুপমাকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে রয়েছেন গাড়ির চালকও। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় গাড়িতে থাকা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে দিঘাগামী রাস্তায় সাময়িক যানজট তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


