ধর্ষণের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা
ধর্ষণের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা

ধর্ষণের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা।

Bengal Liberty : নদিয়ার চাকদহে এক মতুয়া নেতার বাড়িতে ঢুকে গণধর্ষণ, দুই নাবালিকা কন্যাকে যৌন হেনস্থা, লুটপাট এবং ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার ও মতুয়া সংগঠন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার চাকদহ থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ।

সংগঠনের সম্পাদক অনিমেষ বালা জানিয়েছেন, রবিবার বিকেল ৪টেয় চাকদহ থানা ঘেরাও করা হবে। তাঁর অভিযোগ, ঘটনার তিন দিন কেটে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানিয়েছে সংগঠন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গভীর রাতে সাড়ে ১২টা নাগাদ মুখে কাপড় বাঁধা ছ’সাত জনের একটি দুষ্কৃতী দল ওই মতুয়া নেতার বাড়িতে ঢোকে। অভিযোগ, প্রথমে বাড়ির বিদ্যুতের মিটার বক্স ভেঙে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে নির্যাতিতার স্বামীর হাত পিছমোড়া করে বেঁধে ফেলা হয়। মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর চোখের সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে দুই নাবালিকা কন্যাকে ঘিরে। পরিবারের দাবি, আট ও ছ’বছরের দুই শিশুকেও যৌন হেনস্থা করা হয়। শুধু তাই নয়, বাড়িতে থাকা জমি বিক্রির অগ্রিম টাকা এবং সোনার গয়না লুট করা হয়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি বাইরে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ। এমনকি শান্তনু ঠাকুরের ছবি দেওয়া মতুয়া সংগঠনের ফ্লেক্স ও কাটআউটও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ঘটনার পর আতঙ্কে রয়েছে গোটা পরিবার। নির্যাতিতা দাবি করেছেন, অভিযুক্তদের ফাঁসি নয়, ‘এনকাউন্টার’ করে মেরে ফেলা হোক। তাঁর স্বামীর অভিযোগ, মতুয়া সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং এলাকায় জনসংযোগের কারণেই তাঁদের পরিবারের উপর আক্রোশ থেকে হামলা হয়ে থাকতে পারে।

অন্যদিকে, তদন্তে নেমে পুলিশের একাংশের অনুমান, হামলার ঘটনায় পরিবারের পরিচিত কেউ জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই মা ও দুই শিশুর শারীরিক পরীক্ষা করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে তাঁদের পোশাকও। দুই শিশুকে কৃষ্ণনগরের চাইল্ড লাইনের হোমে রাখা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত একটি ঘর ‘সিল’ করে দিয়েছে পুলিশ।

শনিবার আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শুভম যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ফলে রবিবারের থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে চাকদহে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।