Bengal Liberty : বিশ্বের দরবারে ভারতের ঐতিহ্য, শিল্পকলা ও দেশীয় পণ্যের ক্রমবর্ধমান পরিচিতি পেয়েছে । একদিকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাচ্ছে ভারতের মিউজিয়াম ও শিল্পকলা, অন্যদিকে বিদেশের বাজারে জায়গা করে নিচ্ছে দেশের ঐতিহ্যবাহী খাদ্যপণ্য থেকে শুরু করে নতুন ধরনের চকোলেট। রবিবার ‘মন কি বাত’-এ অনুষ্ঠানে এমনই একাধিক সাফল্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দেশের মানুষকে পর্যটনের পাশাপাশি বিভিন্ন এলাকার স্থানীয় মিউজিয়াম ঘুরে দেখার পরামর্শও দিলেন তিনি। ভারতের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে বিহারের পাটনায় অবস্থিত বিহার মিউজিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতির প্রসঙ্গ। বিশ্বের সেরা ১০০টি মিউজিয়ামের তালিকায় নবম স্থান অধিকার করেছে এই মিউজিয়াম। শুধু তাই নয়, এশিয়ার মধ্যে প্রথম স্থানেও রয়েছে বিহার মিউজিয়াম। প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়াম এবং নিউ ইয়র্কের দ্য মেট মিউজিয়ামের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত মিউজিয়ামের থেকেও এটি এগিয়ে রয়েছে বলে উল্লেখ করেন মোদি। এই সাফল্যকে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই তুলে ধরেন তিনি।
পাশাপাশি গুজরাটের বডনগরে অবস্থিত ‘অনন্ত অনাদি বডনগর আর্কিওলজিক্যাল মিউজিয়াম’-এর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রত্নতাত্ত্বিক খননকার্যের সময় ইতিহাসের বিভিন্ন পর্বের বহু নিদর্শন উদ্ধার হয়েছিল সেখানে। যে এলাকায় খননকার্য চালানো হয়েছিল, সেখানেই গড়ে তোলা হয়েছে এই বিশেষ মিউজিয়াম। মাটির কয়েক মিটার গভীরে হওয়া খননকার্য সরাসরি দেখার জন্য তৈরি হয়েছে বিশেষ পথ। মিউজিয়ামে পাঁচ হাজারেরও বেশি প্রাচীন নিদর্শন প্রদর্শিত রয়েছে। চলতি মাসেই বার্লিনে ডিজাইনের জগতে ‘রেড ডট: বেস্ট অফ দ্য বেস্ট’ পুরস্কার পেয়েছে এই মিউজিয়াম। এই সম্মান পাওয়া ভারতের প্রথম মিউজিয়াম এটি বলেও জানান মোদি। বডনগরের সঙ্গে নিজের জন্মসূত্রের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। হাজার বছরের পুরনো এই শহরকে কাশীর সঙ্গে তুলনা করে ‘গুজরাটের কাশী’ পরিচিতির প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আরও খবর
ভারতের শিল্পকলার আন্তর্জাতিক সাফল্যের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। ইতালির ভেনিসে আয়োজিত ‘ভেনিস আর্ট বিয়েনালে’-তে ভারতীয় প্যাভিলিয়ন দেখতে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ এসেছিলেন। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের ভোটে ভারতের প্যাভিলিয়ন সেরা নির্বাচিত হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পকলাকে আধুনিকভাবে তুলে ধরলে তা আন্তর্জাতিক দর্শকদেরও আকৃষ্ট করতে পারে—এই সাফল্য তারই প্রমাণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে শুরু হতে চলা ‘ইন্ডিয়া বিয়েনালে’-র কথাও জানান তিনি। ১০৮ দিন ধরে দেশের ঐতিহাসিক স্থাপত্য, মিউজিয়াম ও আর্ট গ্যালারিকে কেন্দ্র করে এই আয়োজন চলবে। শিশুদের সঙ্গে নিয়ে এই উৎসবে অংশগ্রহণের আবেদন জানান মোদি।
শিল্প-সংস্কৃতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতীয় খাদ্যপণ্যের সাফল্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর ইরোডের জৈব পালমিরা গুড় প্রথমবারের মতো ইউরোপের বাজারে পৌঁছেছে। বহুদিনের ঐতিহ্যবাহী এই দেশীয় পণ্য এবার আন্তর্জাতিক বাজারেও নতুন পরিচিতি তৈরি করছে বলে জানান তিনি। একইসঙ্গে ভারতীয় চকোলেট ও কোকো-নির্ভর পণ্যের রপ্তানি বৃদ্ধির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, গত এক বছরে এই ধরনের পণ্যের রপ্তানি প্রায় ২৫ শতাংশ বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা ও স্টার্টআপ সংস্থা স্থানীয় উপকরণ ব্যবহার করে নতুন নতুন স্বাদের চকোলেট তৈরি করছে। এর ফলে দেশীয় কৃষক, মহিলা এবং তরুণ উদ্যোক্তাদের জন্যও নতুন বাজার ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে।
এছাড়াও গুজরাটের কচ্ছের উটের দুধ থেকে তৈরি চকোলেট, আইসক্রিম ও অন্যান্য দুগ্ধজাত পণ্যের প্রসঙ্গ তুলে ধরেন মোদি। স্থানীয় উটপালকদের কাছ থেকে দুধ সংগ্রহ করে আমূল চকোলেট, কেশর ফ্লেভারের দুধ এবং রাজভোগ আইসক্রিম তৈরিতে তা ব্যবহার করা হচ্ছে। সারহদ ডেয়ারিতে ক্যামেল মিল্ক সংগ্রহের পরিমাণ দৈনিক ১,৩০০ লিটার থেকে বেড়ে ৫,৫০০ লিটারে পৌঁছেছে বলে জানান তিনি। দীর্ঘদিন সংরক্ষণের জন্য প্যাকেটজাত দুধের পাশাপাশি ক্যামেল মিল্কের পাউডারও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের উল্লেখ করে ক্যামেল মিল্কের সম্ভাব্য স্বাস্থ্যগত গুণাগুণের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে এটি বিকল্প হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এদিন ‘মন কি বাত’-এর পর্বে ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক সম্পদ, শিল্পকলা এবং দেশীয় খাদ্যপণ্যের আন্তর্জাতিক পরিচিতিকে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পর্যটনের সময় শুধুমাত্র জনপ্রিয় দর্শনীয় স্থান বা স্থানীয় খাবারের মধ্যেই ভ্রমণ সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট এলাকার মিউজিয়াম ঘুরে দেখার আবেদন জানান তিনি। নিজের দেশের ইতিহাস ও ঐতিহ্যকে যত বেশি জানা যাবে, ভারতকে চেনার যাত্রাও তত সমৃদ্ধ হবে—এই বার্তাই দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


