Bengal Liberty : রাজনীতিতে সময় বদলালে বদলে যায় সমীকরণও। একসময় যে নেতার বিরুদ্ধে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, রাজনৈতিক পালাবদলের পর সেই নেতারই ঘরে ফেরার উদ্যোগ নিলেন তিনি। ঘটনাকে ঘিরে আসানসোল শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনাস্থল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নিমচা এলাকা। তৃণমূল সরকারের আমলে বিধায়ক থাকাকালীন নিমচায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে একাধিকবার বাধার মুখে পড়ার অভিযোগ করেছিলেন অগ্নিমিত্রা পাল। সেই সময় এলাকার তৎকালীন তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি অর্জুন সিংয়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও উঠেছিল। অগ্নিমিত্রার দাবি ছিল, অর্জুন সিংয়ের প্রভাবের কারণেই নিমচায় তাঁর প্রবেশ এবং রাজনৈতিক কর্মসূচি ঘিরে সমস্যা তৈরি হত।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিধায়ক হওয়া সত্ত্বেও ওই এলাকায় নির্বাচনী প্রচারে যেতে পারেননি অগ্নিমিত্রা। এমনকী, তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী এবং তৎকালীন পুলিশের উপস্থিতিও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি বলে অভিযোগ করেছিলেন তিনি। ফলে নিমচা একসময় অগ্নিমিত্রার রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কার্যত ‘বাধার এলাকা’ হিসেবেই পরিচিত হয়ে উঠেছিল। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলে গিয়েছে সেই ছবিই। দীর্ঘদিন বাড়ির বাইরে থাকা অর্জুন সিং এবার অগ্নিমিত্রা পালের উদ্যোগে নিজের এলাকায় ফিরলেন। শুধু ঘরে ফেরাই নয়, তাঁকে ঘিরে নিমচা এলাকায় আয়োজন করা হয় স্বাগত ও সংবর্ধনা অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানেই একই মঞ্চে দেখা যায় অগ্নিমিত্রা পাল এবং অর্জুন সিংকে।
একসময় যে এলাকায় প্রবেশ করতে গিয়ে রাজনৈতিক বাধার অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক, সেই এলাকাতেই এবার তাঁকে ঘিরে উচ্ছ্বাস এবং সংবর্ধনার আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে অতীতে দু’পক্ষের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক দূরত্বের প্রেক্ষাপটে এই ঘটনা নতুন মাত্রা পেয়েছে। অর্জুনের ঘরে ফেরার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
আরও খবর
পুরনো বিরোধ ভুলে কি নিমচায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? নাকি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই পুনর্মিলন? তা নিয়ে চলছে আলোচনা। অগ্নিমিত্রা এবং অর্জুনের একই মঞ্চে উপস্থিতি আপাতত সেই বার্তাই দিচ্ছে যে, রাজনীতিতে কোনও সমীকরণই চিরস্থায়ী নয়। যে সম্পর্ক একসময় সংঘাতের আবহ তৈরি করেছিল, সময়ের পরিবর্তনে সেই সম্পর্কই নতুন রাজনৈতিক বাস্তবতায় অন্য রূপ নিতে পারে। নিমচার সাম্প্রতিক ঘটনাকে তাই শুধু একজন নেতার ঘরে ফেরার ঘটনা হিসেবে নয়, বরং শিল্পাঞ্চলের বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।


