'ইন্ডিয়া'-য় ভাঙনের সুর! ডিলিমিটেশন বিল ঘিরে শরিকদের ঐক্যে ফাটল
'ইন্ডিয়া'-য় ভাঙনের সুর! ডিলিমিটেশন বিল ঘিরে শরিকদের ঐক্যে ফাটল

‘ইন্ডিয়া’-য় ভাঙনের সুর! ডিলিমিটেশন বিল ঘিরে শরিকদের ঐক্যে ফাটল

Bengal Liberty : ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে INDIA শিবিরের অভ্যন্তরীণ মতপার্থক্য। যে ‘ইন্ডিয়া’ শিবির একসময় বিজেপির বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের বার্তা দিয়েছিল, সেই জোটের শরিকদের মধ্যেই এখন বিলের সমর্থন ও বিরোধিতা নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। কংগ্রেস ও তৃণমূলের পাশাপাশি ডিএমকে থেকে শুরু করে এনসিপি—একাধিক দলের ভিন্ন অবস্থান ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। ফলে প্রশ্ন উঠছে, ডিলিমিটেশন বিলের ধাক্কাতেই কি ভাঙছে ‘ইন্ডিয়া’ জোট?

বিলের বিরোধিতায় শরিক দলগুলিকে এক ছাতার তলায় রাখার চেষ্টা করছে কংগ্রেস। অন্যদিকে, গত দু’দিনে কয়েকটি শরিক দলের অবস্থান নিয়ে কার্যত অস্বস্তিতে পড়েছে কংগ্রেস নেতৃত্ব। কারণ, শনিবার দলীয় বৈঠক শেষে ডিএমকে-র তরফে স্পষ্ট করা হয়েছে, আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানাতে চলেছেন তাদের ২২ জন সাংসদ। অন্যদিকে, বিলের পক্ষে সমর্থনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে শরদ পওয়ারের এনসিপির তরফেও। সূত্রের খবর, এদিন মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে ডাকা INDIA জোটের বৈঠকে যোগ না দেওয়ার বিষয়টিও আগেই স্পষ্ট করে দিয়েছিল এনসিপি নেতৃত্ব। ফলে সংসদে ডিলিমিটেশন বিল পেশের আগেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে INDIA জোটের অভ্যন্তরীণ ফাটল।

এই পরিস্থিতিতে তড়িঘড়ি শনিবার রাতেই দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে নেমেই বিজেপির আনা জোড়া বিলের বিরোধিতা করে ডিলিমিটেশন বিলকে ‘বাজে বিল’ বলে কটাক্ষ করেছেন নেত্রী। মহিলা হয়েও মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়—এমন অভিযোগও তুলেছে বিজেপি।

অন্যদিকে, রবিবার INDIA জোটের প্রথম সারির নেতারা পৌঁছেছেন চেন্নাইয়ে। তাঁদের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ একাধিক নেতা। সকলের একসঙ্গে চেন্নাই সফরের উদ্দেশ্য যে স্ট্যালিন ও শরদ পওয়ারকে সংসদে বিলের বিরোধিতা করার বার্তা দেওয়া, তা বুঝতে বাকি নেই বলেই দাবি বিজেপির। ফলে সংসদে একটি বিলকে কেন্দ্র করে বিরোধী জোটের অভ্যন্তরীণ সমন্বয়ের ছবিটাই এখন আলোচনার কেন্দ্রে।

তাই বিলের পক্ষে বা বিপক্ষে কারা ভোট দেবেন, সেই অঙ্কের পাশাপাশি রাজনৈতিকভাবে আরও বড় প্রশ্ন হয়ে উঠেছে বিরোধী জোটের ঐক্য। কারণ, ডিএমকে-র ২২ জন লোকসভা সাংসদ এবং এনসিপি শিবিরের ৮ জন সাংসদের অবস্থান সংসদীয় সমীকরণে যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুই দলই সংশোধিত প্রস্তাবের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে।

এই পরিস্থিতিতে ওই সাংসদদের ভোট যদি বিলের পক্ষে যায়, তাহলে তীরে এসে তরী ডুবতে পারে INDIA জোটের। অর্থাৎ, সংসদের বিশেষ অধিবেশনের ঠিক আগে শরিক দলগুলিকে এক অবস্থানে আনতে শেষ মুহূর্তের তৎপরতা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধী।

রাহুল গান্ধী অবশ্য স্ট্যালিনের শেষ মুহূর্তের এই অবস্থানকে ‘মিরজাফর’-এর সঙ্গে তুলনা করেছেন। তাঁর বক্তব্য, “যাঁরা এই তিনটি বিলের পক্ষে ভোট দেবেন, তাঁরা তামিলনাড়ুর আজকের এট্টাপান।”

বিলের প্রস্তাবের বিরোধিতা করে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, লোকসভার আসনসংখ্যা ৮৫০-এ বাড়ানোর পরিকল্পনা বিজেপি ও আরএসএসকে নির্বাচনী মানচিত্র নিজেদের সুবিধামতো পুনর্বিন্যাসের সুযোগ করে দেবে। অন্যদিকে, কেন্দ্রের বক্তব্য, মহিলা সংরক্ষণ কার্যকর করার পাশাপাশি সব রাজ্যের আসনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রতিনিধিত্বের পরিসর বাড়ানোই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য।

আগামী সোমবার, ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। সেখানেই পেশ করা হবে তিনটি প্রস্তাবিত বিল—সংবিধানের ১৩২তম সংশোধনী বিল, ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত সংশোধনী বিল। ডিলিমিটেশন বিল পাশ হলে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫০ থেকে বেড়ে ৮৫০ হতে পারে। রাজ্য বিধানসভাগুলির আসনসংখ্যা বাড়ানোরও প্রস্তাব রয়েছে। পাশাপাশি, ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার পথ প্রশস্ত করার কথা বলা হয়েছে। নতুন ব্যবস্থার অধীনে নির্বাচনী মানচিত্র ২৫ বছরের জন্য স্থায়ী রাখার প্রস্তাবও রয়েছে।

সব মিলিয়ে, আপাতত ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে বিরোধী শিবিরের অন্দরের মতবিরোধই জাতীয় রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।