Bengal Lliberty Desk, ২০ জানুয়ারি, কলকাতা: মাঘ মাসের শুরুতেই যেন শীতের দাপট কিছুটা ফিকে। দক্ষিণবঙ্গে গত কয়েক দিনে লাগাতার বেড়েছে তাপমাত্রা। কলকাতায় ভোরের পারদ ১৪ ডিগ্রির ঘরে পৌঁছেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। সরস্বতী পুজোর দিন জাঁকিয়ে শীতের আশা নেই। রাজ্য জুড়েই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে সকালবেলা কুয়াশা কিছুটা ভোগাতে পারে (Weather News)।
কী বলছে হাওয়া অফিস? (Weather News)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের কয়েক দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যের সব জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। যদিও ঘন কুয়াশার জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি হয়নি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় মাত্র ০.৩ ডিগ্রি কম। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবারও তা ২৬ ডিগ্রির আশপাশেই থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে। ফলে সকালে শীত থাকলেও দিনের বেলায় শীতের আমেজ অনেকটাই কম অনুভূত হবে।
আরও খবর
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে পাহাড় ও তরাই-ডুয়ার্স অঞ্চলে সকালের দিকে কুয়াশার দাপট বেশি থাকতে পারে। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা থাকায় ভোরের দিকে যাতায়াতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।
[embedyt] https://www.youtube.com/watch?v=IL9wttsR7AA[/embedyt]


