Bengal Liberty : ক্রমশ জটিল হচ্ছে ফ্রান্স ও আলজেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক। এবার দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সংঘাতকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে উদ্যোগী হল ফ্রান্স। আলজেরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে এবার ইউরোপীয় কমিশনের দ্বারস্থ হতে চলেছে প্যারিস। ফরাসি সংস্থাগুলির উপর আলজেরিয়ার একতরফা বাণিজ্যিক বিধিনিষেধের অভিযোগ ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে।
গত শুক্রবার, ১৩ নভেম্বর ফ্রান্সের বিদেশ মন্ত্রকের মুখপাত্র পাসকাল কনফাভ্রু জানিয়েছেন, ইউরোপীয় কমিশনকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানাবে প্যারিস। তাঁর বক্তব্য, ইউরোপীয় ইউনিয়ন ও আলজেরিয়ার মধ্যে স্বাক্ষরিত অ্যাসোসিয়েশন চুক্তিতে কোনও পক্ষ নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। সেই ব্যবস্থাগুলি কার্যকর করা সম্ভব কি না, তা খতিয়ে দেখার জন্যই কমিশনের কাছে আবেদন জানাচ্ছে ফ্রান্স।
এই বাণিজ্যিক সংঘাতের সরাসরি প্রভাব পড়তে পারে ফ্রান্সের কৃষিক্ষেত্রেও। কারণ, ফ্রান্সের মোট ইউরিয়া সার আমদানির প্রায় ৩০ শতাংশ আসে আলজেরিয়া থেকে। ফলে আলজেরিয়ার সরবরাহ বন্ধ হয়ে গেলে ফরাসি কৃষকদের সামনে নতুন করে সারের জোগান নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
আরও খবর
শুধু তাই নয়, একসময় ফ্রান্সের অন্যতম বড় বিদেশি গম ক্রেতা ছিল আলজেরিয়া। কিন্তু ২০২৪ সালের জুলাই মাসের পর থেকে ফ্রান্স থেকে আর কোনও গম আমদানি করেনি আলজেরিয়া। এমনকি সরকারি দরপত্রেও ফরাসি গমকে বারবার বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ২০০৫ সালে কার্যকর হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ও আলজেরিয়ার মধ্যে অ্যাসোসিয়েশন চুক্তি। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি পণ্য আমদানিতে শুল্ক ও অন্যান্য বাধা কমানোর কথা বলা হয়েছিল।
২০২৪ সালে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ পশ্চিম সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্বের দাবিকে সমর্থন জানালে ক্ষুব্ধ হয় আলজেরিয়া। অন্যদিকে, পশ্চিম সাহারাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরেই সমর্থন জানিয়ে আসছে আলজেরিয়া। ফলে প্যারিস ও আলজিয়ার্সের মধ্যে কূটনৈতিক দূরত্ব ক্রমশ বাড়তে থাকে।
সব মিলিয়ে, একদিকে পশ্চিম সাহারা নিয়ে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞার অভিযোগ—দুইয়ের জেরে ফ্রান্স ও আলজেরিয়ার সম্পর্ক ফের এক অগ্নিপরীক্ষার মুখে। এবার ইউরোপীয় কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।


