Bengal Liberty: পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছোটবেলার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ বছর পূর্তি উপলক্ষে সামনে এল এক বড় খবর। জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা এই নতুন ছবির। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করে এই সুখবর নিজেই জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
ছোটবেলা থেকেই পর্দায় মিঠুন চক্রবর্তীকে দেখে বড় হয়েছেন শিবপ্রসাদ। ‘অগ্নিপথ’, ‘ডিস্কো ডান্সার’, ‘মৃগয়া’ থেকে শুরু করে তাঁর অসংখ্য কাজ শৈশব থেকেই মুগ্ধ করেছিল তাঁকে। পোস্টে তিনি লিখেছেন, “ওঁনার অভিনয়, ব্যক্তিত্ব— সব মিলিয়ে ছোটবেলা থেকেই তিনি আমার কাছে শুধু একজন তারকা নন, এক অদ্ভুত বিস্ময়। আমার কাছে উনিই রামকৃষ্ণ, উনিই মৃগয়া, উনিই ডিস্কো ডান্সার।”

পরিচালক জানিয়েছেন, বহুদিনের ইচ্ছে ছিল মহাগুরুর সঙ্গে কাজ করার। আমেরিকা থাকা অবস্থায় মিঠুনদাকে একটি ভয়েস নোট পাঠিয়েছিলেন তিনি। সেই ফোন পেয়ে মিঠুনদা নিজেই তাঁকে ফোন করে বলেন, “শিবু! নিজেকে শিবপ্রসাদ বলে এত বড় ফিরিস্তি দিচ্ছিস কেন? বসে আছি তো কাজ করব বলে!” পরবর্তীতে সামনা-সামনি গল্প শোনানোর পর চিত্রনাট্য পছন্দ হওয়ায় মিঠুনদা হ্যান্ডশেক করে তাঁকে জানান, “ফাটিয়ে দিয়েছিস! এতো আমার জীবনের গল্প।”
আরও খবর

সব ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে উইন্ডোজের ২৫ বছর পূর্তির অন্যতম বিশেষ নিবেদন হিসেবে বড় পর্দায় আসছে এই ছবি। ইতিমধ্যে এই খবর প্রকাশ্যে আসতেই সিনেমাপ্রেমী মহলে চরম উন্মাদনা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/11/cyber-fraud/


