Bengal Liberty : বাংলা হোক কিংবা হিন্দি, দুই চলচ্চিত্র জগতেই পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়ের দাপট বজায় রেখেছেন তিনি। অভিনয়দক্ষতা, স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং জনপ্রিয়তার নিরিখে বরাবরই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার সেই মহাগুরুকেই সাম্মানিক ডি-লিট উপাধিতে সম্মানিত করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ সম্মান।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ৯ ডিসেম্বর বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত হবে ৪০তম সমাবর্তন অনুষ্ঠান। সেখানেই মিঠুন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার বা ডি-লিট উপাধি। তবে এই সম্মান প্রদানের সিদ্ধান্ত এক দিনে নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে প্রথমে মিঠুন চক্রবর্তীর নাম প্রস্তাব করা হয়। এরপর নিয়ম মেনে সেই প্রস্তাব পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের অনুমোদনের জন্য।
সেই প্রস্তাবেই সম্মতি জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি। গত ১৭ নভেম্বর রাজ্যপালের সচিবালয় থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্করকুমার নাথের কাছে চিঠি পাঠিয়ে অনুমোদনের বিষয়টি জানানো হয়। রাজ্যপালের সম্মতি পাওয়ার পরই সম্মান প্রদানের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও খবর
উল্লেখ্য, দীর্ঘ অভিনয়জীবনে একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর অভিনয়প্রতিভার স্বীকৃতি হিসেবে জাতীয় স্তরেও একাধিক সম্মান পেয়েছেন তিনি। ২০২৪ সালে পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। এবার ‘মহাগুরু’র মুকুটে যোগ হতে চলেছে আরও একটি নতুন পালক।


