Bengal Liberty: নিট (NEET) পরীক্ষার স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। প্রশ্নফাঁসের মতো অনভিপ্রেত ঘটনা রুখতে এবার থেকে পরীক্ষার পুরো প্রক্রিয়াটি ‘নিশ্ছিদ্র’ করার প্রতিশ্রুতি দিল মোদি সরকার। বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, প্রশ্ন তৈরি থেকে শুরু করে পরীক্ষার্থীর হাতে পৌঁছনো পর্যন্ত প্রতিটি ধাপে কড়া নজরদারি চালানো হবে।
কী কী নতুন নিরাপত্তা ব্যবস্থা? (NEET UPSC Exam)
প্রশ্নফাঁস ঠেকাতে মূলত তিনটি স্তরে নিরাপত্তা জোরদার করছে এনটিএ (NTA):
১. GPS ট্র্যাকিং: প্রশ্নপত্র বহনকারী প্রতিটি গাড়িতে জিপিএস থাকবে, ফলে গাড়ির গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হবে।
২. একাধিক মডারেটর: প্রশ্ন তৈরির দায়িত্বে একাধিক ব্যক্তি থাকবেন। কিন্তু চূড়ান্ত প্রশ্নপত্রে কোন প্রশ্ন থাকবে, তা কোনো একজন মডারেটরের পক্ষে জানা সম্ভব হবে না। এর ফলে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে।
৩. ২৪ ঘণ্টা নিরাপত্তা: এনটিএ-র সদর দফতর ও আঞ্চলিক কার্যালয়গুলিতে ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য পেশাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ (NEET UPSC Exam)
কেন্দ্রের এই দাবির পাশাপাশি শীর্ষ আদালতও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুযায়ী, নিট পরীক্ষার পরিকাঠামোয় দীর্ঘমেয়াদী সংস্কারের ওপর জোর দিয়েছেন বিচারপতিরা। কেন্দ্রকে এই সুপারিশগুলি বাস্তবায়নের বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। আদালত মনে করিয়ে দিয়েছে যে, ইউপিএসসি (UPSC) যেভাবে নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা করে, এনটিএ-র সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত।
আরও খবর

ইউপিএসসি নিয়েও বিতর্ক (NEET UPSC Exam)
এদিকে, ইউপিএসসি পরীক্ষাতেও বেনজির জটিলতা দেখা দিয়েছে। চলতি বছরের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জেনারেল স্টাডিজ পেপার-১ নিয়ে একদল পরীক্ষার্থী অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, আটটি প্রশ্ন ভুল বা ত্রুটিপূর্ণ ছিল এবং কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছিল। এই বিষয়ে ক্যাটের (CAT) নয়াদিল্লি বেঞ্চ ইউপিএসসি-কে নোটিস পাঠিয়ে জবাব চেয়েছে।
সব মিলিয়ে, দেশের বড় এই দুটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে পরীক্ষার্থী মহলে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/19/naushad-siddiqui-13/


