Bengal Liberty: সকালেই থামল লড়াই। থামল কণ্ঠও। ‘বিরতির পরে’ আর ফেরা হল না পাপিয়ার। চলে গেলেন বিশিষ্ট সংবাদ সঞ্চালিকা পাপিয়া সিংহ। কলকাতার ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারের চিকিৎসা চলছিল তাঁর। ১২টি কেমোও নিয়েছিলেন পাপিয়া। এ দিন সকালে হৃদ্রোগে আক্রান্ত হন। তারপরই সব শেষ।
বাংলা সংবাদজগতের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন পাপিয়া। দু’দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর স্পষ্ট উচ্চারণ, সাবলীল পরিবেশন এবং বাংলা শব্দের নিখুঁত প্রয়োগ আলাদা করে মনে দাগ কাটত দর্শকদের। খবর পড়ার সময় তাঁর কণ্ঠের দৃঢ়তা ও স্বতন্ত্র উপস্থাপনা তাঁকে করে তুলেছিল বাঙালি ঘরের পরিচিত মুখ।
পাপিয়ার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সংবাদমহল। সহকর্মী থেকে শুরু করে সাংবাদিক মহল, সকলেই স্মৃতিচারণায় আবেগপ্রবণ। তাঁর সংবাদ পাঠের নিজস্ব স্টাইল অনুপ্রেরণা উদাহরণ হয়ে থাকবে।
আরও খবর
বিশিষ্ট সাংবাদিক ধ্রুবজ্যোতি প্রামাণিকও সোশ্যাল মিডিয়ায় পাপিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর ফেসবুক পোস্টে উঠে এসেছে প্রিয় সহকর্মীকে হারানোর বেদনা। তিনি লিখেছেন, “আমার প্রিয়তম অভিনেতা নানা পাটেকর মৃত্যুর খবরে এমন বিধ্বস্ত লাগেনি। পাপিয়ার এই অকাল বিদায় মানতেই পারছি না। অসহায় লাগছে। খুব অসহায়। আরও অনেক বাঁচার ছিল। আরও অনেক কিছু করার ছিল।”


