Bengal Liberty : কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস মামলায় তাঁদেরও বক্তব্যও শোনা হোক। আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা তৃণমূল। তারা শীর্ষ আদালতে ক্যাভিয়েট করেছে। ওই পুরসভার ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। অভিষেকদের বক্তব্য, বিজেপি সুবিধা পায় এমন ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। এই অবস্থায় আপাতত হাই কোর্টের নির্দেশ বহাল রাখুক সুপ্রিম কোর্ট।
গত ৬ নভেম্বর কলকাতা পুরসভার ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। চলতি মাসের শেষ সপ্তাহে সিঙ্গল বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা। গত ১৩ নভেম্বর ডিভিশন বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত প্রধান সচিব মামলাটি করেছেন। এ বার কালীঘাট তৃণমূলও ওই মামলায় যুক্ত হতে চাইল।
কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়। গত ১১ সেপ্টেম্বর রাজ্যের নেওয়া ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেতা দীপু দাস। তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি যাতে রাজনৈতিক সুবিধা পায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। এমনকি ওই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াটি আইন মেনে করা হয়নি। পুরসভার কমিশনারের ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য সুপারিশ করার বৈধ ক্ষমতা নেই। এমতাবস্থায় ভোট ঘোষণার আগে রাজ্যের জারি করা ওয়ার্ডবিন্যাসের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চায় সিপিএম।
আরও খবর
প্রথমে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ সিপিএমের আবেদন মেনে ভোট ঘোষণা স্থগিত করতে চায়নি। আদালত জানায়, ওয়ার্ডের খসড়া প্রকাশের সময় মামলাকারী কোনও আপত্তি জানাননি। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য সব পক্ষের কাছে হলফনামা চান। সিঙ্গল বেঞ্চ জানায়, তিন সপ্তাহের মধ্যে হলফনামা দেবে রাজ্য। তার পাল্টা হলফনামা এক সপ্তাহের মধ্যে দেবেন মামলাকারীরা। চার সপ্তাহ পরে মামলাটি শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা যাবে। সেই অনুযায়ী এ মাসের ৩০ তারিখ নাগাদ আদালতের নজরে এনে মামলাটির শুনানি হতে পারে।
গত ৪ নভেম্বর সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারী দিপু। তাঁর আশঙ্কা, যে কোনও দিন কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই মামলার আর কোনও গুরুত্ব থাকবে না। তার পরেই ভোট ঘোষণায় বাধা তৈরি করে আদালত।


